মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ১৪৭
আযকার এবং দাওয়াত অধ্যায়
ঘর থেকে বেরোবার এবং ঘরে ফেরার সময় পড়বার দু'আসমূহ
১৪৭. হযরত উম্মে সালামা (রা) থেকে বর্ণিত। নবী করীম ﷺ যখন ঘর থেকে বের হতেন, তখন বলতেন:

بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ اَللّٰهُمَّ إِنَّا نَعُوذُبِكَ مِنْ أَنْ نَزِلَّ أَوْ نَضِلَّ أَوْ نَظْلِمَ أَوْ يُظْلَمَ عَلَيْنَا أَوْ نَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيْنَا

আল্লাহর নাম নিয়ে আমি বের হচ্ছি, আল্লাহরই উপর আমার ভরসা। হে আল্লাহ্! আমরা তোমারই আশ্রয় প্রার্থনা করছি পদস্খলন থেকে অথবা বিভ্রান্তি থেকে (নিজেও যেন বিভ্রান্ত না হই আর অন্যের বিভ্রান্তির কারণও যেন না হই) কারো প্রতি যুলুম করা থেকে অথবা নিজেরা মযলুম হওয়া থেকে, আমরা যেন কারো প্রতি গোঁয়ার্তুমী না করি অথবা অন্য কেউ যেন আমাদের প্রতি গোয়ার্তুমী করতে না পারে।
-(মুসনাদে আহমদ, জামে' তিরমিযী, সুনানে নাসায়ী)
کتاب الاذکار والدعوات
عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ، قَالَ: " بِسْمِ اللهِ، تَوَكَّلْتُ عَلَى اللهِ، اللهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ أَنْ نَزِلَّ أَوْ نَضِلَّ، أَوْ نَظْلِمَ (2) أَوْ نُظْلَمَ، أَوْ نَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيْنَا " (رواه احمد والترمذى والنسائى)

হাদীসের ব্যাখ্যা:

মানুষ যখন কোন কাজে ঘর থেকে বের হয়, তখন নানা অবস্থা ও নানা লোকের সে সম্মুখীন হয়। সে যদি আল্লাহর মদদ ও তাঁর প্রদত্ত তাওফীক ও হিফাযত না পায়, তা হলে তার পদে পদে বিভ্রান্তি ও অপকর্মের শিকার হওয়ার আশঙ্কা থেকেই যায়। শুধু কি তাই? এমন ব্যক্তি অন্যদের বিভ্রান্তি ও ভ্রষ্টতার হেতুও হয়ে যেতে পারে। সে কোন কলহ-বিবাদে জড়িয়ে পড়তে পারে। পারে অন্যের প্রতি কোন অন্যায় আচরণ করে বসতে বা অন্যের অন্যায় আচরণের শিকার হয়ে পড়তে। এ জন্যে নবী করীম ﷺ ঘর থেকে বেরোবার সময় আল্লাহর নাম নেয়া এবং তাঁর প্রতি তার নিজ ঈমান-বিশ্বাসের আস্থা ও ভরসার নবায়নের সাথে সাথে এসব সঙ্কট থেকেও তাঁর নিকট আশ্রয় প্রার্থনা করতেন। নিজ আমল ও আচরণের দ্বারা তিনি একথার প্রমাণ দিতেন যে, তিনি নিজেও প্রতি পদে পদে আল্লাহ তা'আলার মদদ, তাওফীক, হিফাযত ও পৃষ্ঠপোষকতার মুখাপেক্ষী। আনাস (রা) বর্ণিত ইতি পূর্বেকার হাদীসে উক্ত لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللّٰهِ তেও আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনার এ মর্মটি নিহিত রয়েছে। এজন্যে সে উদ্দেশ্যে তাও যথেষ্ট।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান