মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ১১৩
আযকার এবং দাওয়াত অধ্যায়
সালাতের পরবর্তী দু'আসমূহ
১১৩. হযরত যায়েদ ইব্ন আরকাম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করীমে ﷺ প্রত্যেক সালাতের পর এরূপ দু'আ করতেন: হে আল্লাহ, হে আমাদের ও সবকিছুর প্রতিপালক! আমি সাক্ষ্য দিচ্ছি যে, তুমিই একমাত্র প্রতিপালক। তুমি একক, তোমার কোন শরীক নেই। হে আল্লাহ! হে আমার ও সকল বস্তুর প্রতিপালক! আমি এ ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মদ তোমার বান্দা ও রাসূল। হে আল্লাহ! হে আমার ও সবকিছুর প্রতিপালক, আমি এমর্মে সাক্ষ্য দিচ্ছি যে, বান্দারা পরস্পরে ভাই ভাই। (বন্দেগীর সূত্রে পরস্পরে গ্রথিত।) হে আল্লাহ, হে আমার ও সবকিছুর প্রতিপালক! আমাকে এবং আমার পরিবার-পরিজনকে দুনিয়ার প্রতিটি মুহূর্তের জন্যে তোমার প্রতি পরম নিষ্ঠাবান ও আনুগত্যশীল বান্দা বানিয়ে দাও: হে প্রবল প্রতাপান্বিত ও মহাসম্মানী প্রভু! তুমি আমার দু'আ শুনে নাও ও কবুল করে নাও। আল্লাহ সকল মহানের চাইতে মহান আল্লাহ আসমানরাজী ও যমীনের নূর। সারাজাহান তাঁর নূরের দ্বারাই কায়েম ও আলোকিত রয়েছে। আল্লাহ সকল মহানের চাইতে মহানতম। আমার জন্যে আল্লাহই যথেষ্ট, তিনি কতই না উত্তম অবলম্বন ও ভরসাস্থল। আল্লাহ সকল মহানের চাইতেও মহান।"
(আবু দাউদ)
(আবু দাউদ)
کتاب الاذکار والدعوات
عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ، قَالَ: كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُوْلُ فِي دُبُرِ صَلَاتِهِ: «اللَّهُمَّ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، أَنَا شَهِيدٌ أَنَّكَ أَنْتَ الرَّبُّ وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، اللَّهُمَّ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ أَنَا شَهِيدٌ أَنَّ مُحَمَّدًا عَبْدُكَ وَرَسُولُكَ، اللَّهُمَّ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، أَنَا شَهِيدٌ أَنَّ الْعِبَادَ كُلَّهُمْ إِخْوَةٌ، اللَّهُمَّ رَبَّنَا وَرَبَّ كُلِّ شَيْءٍ، اجْعَلْنِي مُخْلِصًا لَكَ وَأَهْلِي فِي كُلِّ سَاعَةٍ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ اسْمَعْ وَاسْتَجِبْ، اللَّهُ أَكْبَرُ الْأَكْبَرُ، اللَّهُمَّ نُورَ السَّمَوَاتِ وَالْأَرْضِ»، قَالَ سُلَيْمَانُ بْنُ دَاوُدَ: «رَبَّ السَّمَوَاتِ وَالْأَرْضِ، اللَّهُ أَكْبَرُ الْأَكْبَرُ، حَسْبِيَ اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ، اللَّهُ أَكْبَرُ الْأَكْبَرُ» (رواه ابوداؤد)
হাদীসের ব্যাখ্যা:
দু'আসমূহ দুই প্রকারের হয়ে থাকে। এক প্রকারের দু'আ হচ্ছে ঐসব দু'আ, যাতে ইহলৌকিক বা পারলৌকিক কোন মঙ্গল প্রার্থনা করা হয়ে থাকে, অথবা কোন বালা-মুসীবত-অনিষ্ট থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা হয়ে থাকে। আর দ্বিতীয় প্রকার দু'আ হচ্ছে ঐসব দু'আ, যাতে বান্দা আল্লাহ তা'আলার মাহাত্ম্য ও প্রবল প্রতাপের কথা উল্লেখ করে তাঁর অনন্ত অসীম দয়ার কথা স্মরণ করে নিজের পরম নিবেদিত মন ও কৃতজ্ঞতার অভিব্যক্তি ঘটিয়ে তাঁর নৈকট্য হাসিলে যত্নবান হয়। সালাত আদায়ের পর হুযুর ﷺ-এর এ দু'আটি যা হযরত যায়দ ইব্ন আরকামের বরাতে এখানে উদ্ধৃত হয়েছে, তা এই দ্বিতীয় প্রকারের দু'আ। এর আগে বর্ণিত অধিকাংশ দু'আও এ পর্যারেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)