মা'আরিফুল হাদীস

আযকার এবং দাওয়াত অধ্যায়

হাদীস নং: ৪২
আযকার এবং দাওয়াত অধ্যায়
কুরআনের বিজ্ঞ পাঠকের অবস্থান ও মর্যাদা
৪২. হযরত আয়েশা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ যে ব্যক্তি কুরআনে ব্যুৎপত্তি অর্জন করে নিয়েছে (এবং এ কারণে সে এটা মুখস্থ অথবা দেখে দেখে সহজে সুন্দর ও চালু পড়তে পারে।) সে সম্মানিত ও মর্যাদাবান ফেরেশতাদের সাথে থাকবে। আর যে বান্দা (ভাল ইয়াদ ও চালু তেলাওয়াত না থাকার কারণে খুব কষ্ট করে) এভাবে কুরআন পাঠ করে যে, পড়তে কষ্ট হয় ও আটকে আটকে পড়ে, তার জন্য রয়েছে দ্বিগুণ প্রতিদান। (একটি তেলাওয়াতের সওয়াব, অপরটি কষ্ট স্বীকার করার।) -বুখারী, মুসলিম
کتاب الاذکار والدعوات
عَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمَاهِرُ بِالْقُرْآنِ مَعَ السَّفَرَةِ الْكِرَامِ الْبَرَرَةِ، وَالَّذِي يَقْرَأُ الْقُرْآنَ وَيَتَتَعْتَعُ فِيهِ، وَهُوَ عَلَيْهِ شَاقٌّ، لَهُ أَجْرَانِ». (رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে سفرة যে শব্দটি এসেছে, এর দ্বারা অধিকাংশ হাদীস ব্যাখ্যাতাগণ ওহী বাহক ফেরেশতাদেরকে উদ্দেশ্য করেছেন। আর কেউ কেউ বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী-রাসূলগণ। আর শাব্দিক অর্থে উভয়টিরই অবকাশ রয়েছে। হাদীসটির মর্ম এই যে, আল্লাহর যেসব বান্দা কুরআনকে আল্লাহর কালাম বিশ্বাস করে এর সাথে সম্পর্ক রাখে এবং অধিক তেলাওয়াত ও চর্চার কারণে কুরআনের সাথে তাদের বিশেষ সম্বন্ধ ও ব্যুৎপত্তি অর্জিত হয়ে যায়, তারা নবী-রাসূল অথবা ওহীবাহক ফেরেশতাদের সঙ্গ ও সান্নিধ্য লাভ করবে। আর যেসব বান্দার অবস্থা এই যে, যোগ্যতা ও চর্চার স্বল্পতার কারণে তারা কুরআন চালু পড়তে পারে না; বরং কষ্ট করে আটকে আটকে পড়ে এবং এ অবস্থা সত্ত্বেও সওয়াব ও পুণ্যের আশায় তেলাওয়াত করেই যায়। তারা তেলাওয়াতের সওয়াব ও প্রতিদান ছাড়া এই কষ্ট বরদাশত করার কারণে অতিরিক্ত সওয়াব পাবে। তাই এ অবস্থার কারণে তাদের মন ভেঙ্গে দেওয়ার কোন কারণ নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান