মা'আরিফুল হাদীস
আযকার এবং দাওয়াত অধ্যায়
হাদীস নং: ৪১
আযকার এবং দাওয়াত অধ্যায়
কুরআন শরীফের তেলাওয়াত অন্তরের ময়লা দূর করে
৪১. হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ ﷺ বলেছেন: মানুষের অন্তরে ঠিক এভাবে মরিচা পড়ে থাকে, যেভাবে লোহায় পানি লাগলে মরিচা ধরে। জিজ্ঞাসা করা হল, ইয়া রাসূলাল্লাহ! এটা পরিষ্কার করার উপায় কি? তিনি বললেন, মৃত্যুকে অধিক স্মরণ করা ও কুরআন মজীদের তেলাওয়াত। বায়হাকী
کتاب الاذکار والدعوات
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ هَذِهِ الْقُلُوبَ تَصْدَأُ، كَمَا يَصْدَأُ الْحَدِيدُ إِذَا أَصَابَهُ الْمَاءُ " قِيلَ: يَا رَسُولَ اللهِ، وَمَا جِلَاؤُهَا؟ قَالَ: " كَثْرَةُ ذِكْرِ الْمَوْتِ وَتِلَاوَةُ الْقُرْآنِ " (رواه البيهقى فى شعب الايمان)
হাদীসের ব্যাখ্যা:
অন্তরের মরিচা এই যে, এটা আল্লাহ থেকে এবং আখেরাতের পরিণাম থেকে উদাসীন ও নিশ্চিন্ত হয়ে যায়। এটা হচ্ছে ছোট-বড় সকল গুনাহের ভিত্তিমূল, আর নিঃসন্দেহে এর অমোঘ চিকিৎসা এটাই যে, নিজের মৃত্যুর কথা বেশী করে স্মরণ করবে, এর ধ্যান ও মুরাকাবা করবে এবং কুরআন মজীদের মাহাত্ম্য ও আল্লাহ্ তা'আলার সাথে এর বিশেষ সম্পর্কের কথা স্মরণে রেখে আদব ও এখলাসের সাথে এর তেলাওয়াত করবে। যদি এই তেলাওয়াত আল্লাহর তওফীকে অন্তরের আগ্রহ ও চিন্তা-ভাবনার সাথে হয়, তাহলে ইন্শাআল্লাহ্ এটা অন্তরের মরিচা ও কালিমা দূর করে দিয়ে অন্তরকে নূর দিয়ে ভরে দিবে। আল্লাহ্ তা'আলা আমাদেরকে এ সৌভাগ্য দান করুন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)