মা'আরিফুল হাদীস

যাকাত অধ্যায়

হাদীস নং: ৩৯
যাকাত অধ্যায়
যে বিত্তশালী ব্যক্তি মুক্তহস্তে আল্লাহর পথে ব্যয় করে না, সে খুবই ক্ষতির মুখে রয়েছে
৩৯. হযরত আবু যর গেফারী রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একবার রাসূলুল্লাহ (ﷺ)এর খেদমতে হাজির হলাম। তিনি তখন কা'বা ঘরের ছায়ায় বসা ছিলেন। তিনি আমাকে যখন দেখলেন, তখন বলে উঠলেন: কা'বার মালিকের শপথ! ওরা খুবই ক্ষতির মধ্যে রয়েছে। আমি আরয করলাম, আমার পিতা-মাতা আপনার উপর কুরবান। তারা কারা, যারা খুবই ক্ষতির মধ্যে রয়েছে? তিনি উত্তর দিলেন: যারা বিরাট সম্পদের অধিকারী। তবে, তাদের মধ্য থেকে ঐসব লোক এর বাইরে, যারা সামনে, পেছনে, ডানে, বায়ে (অর্থাৎ, চতুর্দিকে কল্যাণ খাতে) নিজেদের অর্থ-সম্পদ মুক্তহস্তে খরচ করে যায়। কিন্তু সম্পদশালী ও পুঁজিপতিদের মধ্যে এমন লোক কমই রয়েছে। -বুখারী, মুসলিম
کتاب الزکوٰۃ
عَنْ أَبِي ذَرٍّ ، قَالَ : انْتَهَيْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ جَالِسٌ فِي ظِلِّ الْكَعْبَةِ ، فَلَمَّا رَآنِي قَالَ : « هُمُ الْأَخْسَرُونَ وَرَبِّ الْكَعْبَةِ » فَقُلْتُ : فِدَاكَ أَبِي وَأُمِّي ، مَنْ هُمْ؟ قَالَ : « هُمُ الْأَكْثَرُونَ أَمْوَالًا ، إِلَّا مَنْ قَالَ هَكَذَا وَهَكَذَا وَهَكَذَا مِنْ بَيْنَ يَدَيْهِ وَمِنْ خَلْفِهِ وَعَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ وَقَلِيلٌ مَا هُمْ.
(رواه البخارى ومسلم)

হাদীসের ব্যাখ্যা:

হযরত আবূ যর গেফারী রাযি. দারিদ্র্য ও সরলতার জীবন অবলম্বন করে রেখেছিলেন, আর তাঁর মেযাজ ও স্বভাবের দিক থেকে এটাই তাঁর জন্য উত্তম ছিল। রাসূলুল্লাহ (ﷺ)-এর খেদমতে যখন তিনি উপস্থিত হলেন, তখন তিনি তার মনস্তুষ্টির জন্য বললেন যে, সম্পদশালী হওয়া- যা বাহ্যতঃ বিরাট নেয়ামত-প্রকৃত পক্ষে এক বিরাট পরীক্ষাও বটে। আর এ পরীক্ষায় ঐসব বান্দারাই উত্তীর্ণ হতে পারে, যারা এতে মন লাগায় না এবং সম্পূর্ণ মুক্তহস্তে সম্পদকে কল্যাণ খাতে খরচ করে দেয়। যারা এমন করবে না, পরিণামে তারা খুবই ক্ষতিগ্রস্ত হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান