মা'আরিফুল হাদীস

যাকাত অধ্যায়

হাদীস নং: ৩৮
যাকাত অধ্যায়
আল্লাহর পথে ব্যয় করার ব্যাপারে তাওয়াক্কুলধারীদের রীতি
৩৮. হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, নবী করীম (ﷺ) এক দিন হযরত বিলালের কাছে এসে দেখলেন যে, তার কাছে খেজুরের একটি স্তূপ রয়েছে। তিনি জিজ্ঞাসা করলেন: হে বিলাল! এটা কি? বিলাল উত্তর দিলেন, আমি ভবিষ্যতের জন্য এগুলো সঞ্চয় করে রেখেছি। (যাতে সামনে জীবিকার ব্যাপারে কিছুটা নিশ্চিন্ত থাকতে পারি।) তিনি বললেনঃ তুমি কি ভয় কর না যে, কিয়ামতের দিন জাহান্নামের আগুনে তুমি এর উত্তাপ ও ধোঁয়া দেখবে। হে বিলাল! যা হাতে আসে সেটা নিজের জন্য এবং অন্যদের জন্য খরচ করতে থাক আর আরশের মালিকের পক্ষ থেকে দারিদ্র্যের ভয় করো না। (অর্থাৎ, এ বিশ্বাস রাখ যে, যেভাবে তিনি বর্তমানে এটা দিয়েছেন, ভবিষ্যতেও এভাবেই দিয়ে যাবেন। তাঁর ভান্ডারে কিসের কমতি আছে? তাই ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চিন্তা করো না।) বায়হাকী
کتاب الزکوٰۃ
عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، دَخَلَ عَلَى بِلَالٍ وَعِنْدَهُ صُبْرَةٌ مِنْ تَمْرٍ ، فَقَالَ : " مَا هَذَا يَا بِلَالُ؟ " قَالَ : تَمْرٌ ادَّخَرْتُهُ ، قَالَ : " أَمَا تَخْشَى ، أَنْ تَرَى لَهُ بُخَارٌ فِي نَارِ جَهَنَّمَ يَوْم الْقِيَامَةِ؟ أَنْفِقْ يَا بِلَالُ وَلَا تَخْشَ مِنْ ذِي الْعَرْشِ إِقْلَالًا "
(رواه البيهقى فى شعب الايمان)

হাদীসের ব্যাখ্যা:

হযরত বিলাল রাযি. সুফফাবাসীদের একজন ছিলেন, যারা রাসূলুল্লাহ (ﷺ)-এর মত তাওয়াক্কুলের যিন্দেগীর পথ অবলম্বন করেছিলেন। তাদের জন্য আগামী দিনের খাবার সঞ্চয় করাও শোভনীয় ছিল না। এ জন্য রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে এ পরামর্শ দিয়েছিলেন- যদিও সাধারণ মানুষের জন্য এ বিষয়টি সম্পূর্ণ জায়েয; বরং রাসূলুল্লাহ (ﷺ) নিজের কোন কোন সাহাবীকে নিষেধ করে দিয়েছিলেন যে, নিজের পরিবার বর্গের জন্য কোন কিছু না রেখে সম্পূর্ণ মাল দান করে দেওয়া যাবে না। কিন্তু সাহাবাদের মধ্যে যারা রাসূলুল্লাহ (ﷺ) ও আসহাবে সুফফার মত খাঁটি তাওয়াক্কুলের পথ অনুসরণ করেছিলেন, তাদের জন্য এ কর্মপদ্ধতির অবকাশ ছিল না। কেননা, যার মর্তবা যত উঁচু তার কর্মপদ্ধতিও তত ব্যতিক্রম হয়ে থাকে।
হাদীসটির শেষ বাক্যে ইঙ্গিত রয়েছে যে, আল্লাহর যে বান্দা কল্যাণের পথে সাহস নিয়ে নিজের অর্থ ব্যয় করবে, সে আল্লাহর দানে কখনো ঘাটতি দেখবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান