মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ১৬৭
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: "তোমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থানরূপে গ্রহণ কর। ২
টিকা: ২. আল কুরআন, ২: ১২৫।
১৬৭। আনাস (রা) হতে বর্ণিত, তিনি বলেন, উমর (রা) বলেছেন, তিনটি বিষয়ে আমার মত আল্লাহর ইচ্ছানুরূপ হয়েছে।
প্রথমত: আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ (ﷺ) মাকামে ইবরাহীমকে(১) যদি আমরা সালাত আদায়ের স্থান হিসেবে গ্রহণ করতাম। তখন নাজিল হল "তোমরা মাকামে ইবরাহীমকে সালাতের স্থানরূপে গ্রহণ কর।"
দ্বিতীয়ত: আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ (ﷺ)! আপনার স্ত্রীদের নিকট পূণ্যবান ও পাপী নির্বিশেষে সকলেই গমন করে তাই আপনি যদি তাদেরকে পর্দার নির্দেশ দিতেন, তখন মহান আল্লাহ পর্দার আয়াত (অর্থাৎ "হে মু'মিনগণ! তোমাদেরকে অনুমতি দেয়া না হলে তোমরা আহার্য প্রস্তুতির জন্য অপেক্ষা না করে খাদ্য গ্রহণের জন্য নবী-গৃহে প্রবেশ কর না। তবে তোমাদেরকে আহ্বান করলে তোমরা প্রবেশ করিও এবং ভোজনশেষে তোমরা চলে যাবে, তোমরা কথাবার্তায় মশগুল হয়ে পড় না। কারণ তোমাদের এ আচরণ নবীকে পীড়া দেয়, সে তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করে। কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। তোমরা তার স্ত্রীদের নিকট হতে কিছু চাইলে পর্দার অন্তরাল হতে চাইবে। এই বিধান তোমাদের ও তাদের হৃদয়ের জন্য অধিকতর পবিত্র। তোমাদের কারও বক্ষে আল্লাহর রাসূলকে কষ্ট দেয়া সংগত নয় এবং তার মৃত্যুর পর তার স্ত্রীদেরকে বিবাহ করা তোমাদের জন্য কখনও বৈধ নয়। আল্লাহর দৃষ্টিতে এটা ঘোরতর অপরাধ) নাজিল হয়।
তৃতীয়ত: রাসূলুল্লাহ (ﷺ) এর ওপর আত্মভিমানে তাঁর স্ত্রীগণ ঐক্যবদ্ধ হয়েছিলেন। তখন আমি তাদেরকে বললাম, যদি নবী (ﷺ) তোমাদের সকলকে পরিত্যাগ করে তবে তাঁর প্রতি পালক সম্ভবত তোমাদের স্থলে তাঁকে তোমাদের অপেক্ষা উৎকৃষ্টতর স্ত্রী দান করবেন। তখন আল্লাহ নাজিল করলেন; যদি নবী তোমাদের সকলকে পরিত্যাগ করে তবে তার প্রতিপালক সম্ভবত তোমাদের স্থলে তাকে দিবেন তোমাদের অপেক্ষা উৎকৃষ্টতর স্ত্রী-যারা হবে আত্মসমর্পণকারী। বিশ্বাসী, অনুগত, তওবাকারী, ইবাদতকারী, সিয়াম পালনকারী, অকুমারী এবং কুমারী।(১)
(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, ইবন মাজাহ, অন্যান্য গ্রন্থসূত্র।)
টিকা: ৩. যে পাথরের ওপর দাঁড়িয়ে ইবরাহীম (আ) কা'বা গৃহ নির্মাণ করেছিলেন।
১. আল-কুরআন, ৬৬: ০৫
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب واتخذوا من مقام ابراهيم مصلى
عن أنس قال قال عمر رضي الله عنه وافقت ربي في ثلاث قلت يا رسول الله لو اتخذنا من مقام ابراهيم مصلى (2) فنزلت (واتخذوا من مقام ابراهيم مصلى) وقلت يا رسول الله إن نساءك يدخل عليهن البر والفاجر فلو أمرتهن أن يحتجبن فنزلت آية الحجاب (3) واجتمع على رسول الله صلى الله عليه وسلم نساؤه في الغيرة (4) فقلت لهن عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن قال فنزلت كذلك
tahqiqতাহকীক:তাহকীক চলমান