মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়

হাদীস নং: ৩২
আল-কুরআন এর ফযীলত, তাফসীর ও শানে নুযূল অধ্যায়
পরিচ্ছেদ: কুরআন তিলাওয়াতের ফজীলত এর অনুসরণ এবং তদানুযায়ী আমল প্রসঙ্গ।
৩২। আয়েশা (রা) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করে এবং যে তাতে সুদক্ষ সে পুণ্যবান ফিরিস্তাদের সঙ্গী হবে, আর যে ব্যক্তি কুরআন তিলাওয়াত করে এবং তার পক্ষে তা কঠিন (হওয়া সত্ত্বেও সে তা পাঠ) তার জন্য রয়েছে দ্বিগুণ পুরষ্কার।
(বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিযী, ইবন মাজাহ।)
كتاب فضائل القرآن وتفسيره وأسباب نزوله
باب فضل قراءة القرآن والتعبد به والعمل بما فيه
عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم الذي يقرأ القرآن وهو ماهر به (2) مع السفرة الكرام البررة والذي يقرؤه وهو عليه شاق (3) فله أجران

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীসে سفرة যে শব্দটি এসেছে, এর দ্বারা অধিকাংশ হাদীস ব্যাখ্যাতাগণ ওহী বাহক ফেরেশতাদেরকে উদ্দেশ্য করেছেন। আর কেউ কেউ বলেছেন, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী-রাসূলগণ। আর শাব্দিক অর্থে উভয়টিরই অবকাশ রয়েছে। হাদীসটির মর্ম এই যে, আল্লাহর যেসব বান্দা কুরআনকে আল্লাহর কালাম বিশ্বাস করে এর সাথে সম্পর্ক রাখে এবং অধিক তেলাওয়াত ও চর্চার কারণে কুরআনের সাথে তাদের বিশেষ সম্বন্ধ ও ব্যুৎপত্তি অর্জিত হয়ে যায়, তারা নবী-রাসূল অথবা ওহীবাহক ফেরেশতাদের সঙ্গ ও সান্নিধ্য লাভ করবে। আর যেসব বান্দার অবস্থা এই যে, যোগ্যতা ও চর্চার স্বল্পতার কারণে তারা কুরআন চালু পড়তে পারে না; বরং কষ্ট করে আটকে আটকে পড়ে এবং এ অবস্থা সত্ত্বেও সওয়াব ও পুণ্যের আশায় তেলাওয়াত করেই যায়। তারা তেলাওয়াতের সওয়াব ও প্রতিদান ছাড়া এই কষ্ট বরদাশত করার কারণে অতিরিক্ত সওয়াব পাবে। তাই এ অবস্থার কারণে তাদের মন ভেঙ্গে দেওয়ার কোন কারণ নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৩২ | মুসলিম বাংলা