মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

ইদ্দাত অধ্যায়

হাদীস নং: ১৬
ইদ্দাত অধ্যায়
পরিচ্ছেদ: বায়েন তালাকপ্রাপ্তা নারীর খোরপোষ, বাসস্থান এবং প্রয়োজনের সময় বাইরে যাওয়া প্রসঙ্গে।
১৬। কাবীসা ইবন যুওয়াইব (র) থেকে বর্ণিত। তিনি বলেন, সা'ঈদ ইবন যায়দ ইবন 'আমর ইবন নুফায়লের এক কন্যা- ফাতিমা বিনতে কায়স যার খালা হন- তিনি 'আবদুল্লাহ ইবন 'আমর ইবন উসমান- এর স্ত্রী ছিলেন। সে তাকে তিন তালাক দেয়। তখন তার খালা ফাতিমা বিনতে কায়স (রা) তার নিকট দূত পাঠিয়ে তাকে নিজ ঘরে নিয়ে আসেন। সে সময় মারওয়ান ইবনুল হাকাম মদীনার শাসক ছিলেন। কাবীসা (র) বলেন, মারওয়ান আমাকে তার নিকট পাঠান। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, কি কারণে তিনি এক মহিলাকে নিজ ঘর থেকে ইদ্দাত পূর্ণ করার পূর্বে বের করে নিয়ে এসেছেন? তিনি বললেন, কেননা, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে এই নির্দেশ দিয়েছিলেন। বর্ণনাকারী বলেন, এরপর তিনি আমাকে নিজ ঘটনা বর্ণনা করেন। তারপর বলেন, আমি তোমাদের সঙ্গে আল্লাহর কিতাবের মাধ্যমে বিবাদ করব । আল্লাহ তা'আলা বলেছেন,
إِذَا طَلَقْتُمُ النِّسَاءَ فَطَلِقُوهُنَّ لِعِدَّتِهِنَّ وَأَحْصُوا الْعِدَّةَ وَاتَّقُوا اللَّهَ رَبَّكُمْ لَا تُخْرِجُوهُنَّ مِنْ بُيُوتِهِنَّ وَلَا يَخْرُجْنَ إِلَّا أَنْ يَأْتِينَ بِفَاحِشَةٍ مُبَيِّنَةٍ.
(তোমরা যখন তোমাদের স্ত্রীদেরকে তালাক দিতে ইচ্ছা কর, তবে তাদেরকে তালাক দিবে ইদ্দাতের প্রতি লক্ষ্য রেখে এবং তোমরা ইদ্দাতের হিসাব রাখবে এবং তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করবে। তোমরা তাদেরকে তাদের বাসগৃহ হতে বহিস্কার করবে না এবং তারাও বের হবে না। যদি না তারা লিপ্ত হয় স্পষ্ট অশ্লীলতায়)
হতে
لَعَلَّ اللَّهَ يُحْدِثُ بَعْدَ ذَلِكَ أَمْرًا
(হয়ত আল্লাহর ইহার পর কোন উপায় করে দিবেন)
এরপর আল্লাহ তা'আলা বলেছেন,
فَأُمْسِكُوْهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوْهُنَّ بِمَعْرُوفٍ
(তাদের ইদ্দাত পূরণের কাল আসন্ন হলে (অর্থাৎ তৃতীয় হায়য শুরু হলে) তোমরা হয় যথাবিধি তাদেরকে রেখে দিবে, না হয় তাদেরকে যথাবিধি পরিত্যাগ করবে।)
আল্লাহর শপথ! আল্লাহ তৃতীয় হায়েযের পর আটক রাখার কথা বলেন নি। এ ছাড়া রাসূলুল্লাহ (ﷺ) আমাকে অনুরূপ নির্দেশ দিয়েছেন। বর্ণনাকারী বলেন, এরপর আমি মারওয়ানের নিকট এসে তাকে এই ঘটনা জানালাম। তখন সে বলল, এটা তো এক মহিলার ঘটনা। বর্ণনাকারী বলেন, এরপর সে মহিলার ব্যাপারে নির্দেশ দিলে তাকে নিজ গৃহে ফিরিয়ে নেওয়া হয় এবং সেখানেই তার ইদ্দাত শেষ হয়।
(নাসাঈ। হাদীসটির সূত্র উত্তম।)
كتاب العدد
باب ما جاء في نفقة المبتوتة وسكناها وخروجها الحاجة
عن قبيصة بن ذؤيب أن بنت سعيد بن زيد عمرو بن نفيل وكانت فاطمة بنت قيس خالتها وكانت عند عبد الله بن عمرو ابن عثمان طلقها ثلاثا: فبعثت إليها خالتها فاطمة بنت قيس فنقلتها إلى بيتها ومروان بن الحكم على المدينة، قال قبيصة فبعثني إليها مروان فسألتها ما حملها على أن تخرج امرأة من بيتها قبل أن تنقضى عدتها؟ قال فقالت لأن رسول الله صلى الله عليه وسلم أمرني بذلك، قال ثم قصت علي حديثها، ثم قالت وأنا أخاصمكم بكتاب الله يقول الله عز وجل {إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم ولا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة} إلى {لعل الله يحدث بعد ذلك أمرا} ثم قال الله عز وجل {فإذا بلغن أجلهن (الثالثة) فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف} والله ما ذكر الله بعد الثالثة عبسا مع ما أمرني به رسول الله صلى الله عليه وسلم، قال فرجعت إلى مروان فأخبرته خبرها فقال حديث امرأة قال ثم أمر بالمرأة فردت إلى بيتها حتى انقضت عدتها
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ১৬ | মুসলিম বাংলা