মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

লি'আন অধ্যায়

হাদীস নং: ৭০
লি'আন অধ্যায়
পরিচ্ছেদ : সন্তান বিছানার (অর্থাৎ যার সঙ্গে বৈধভাবে বিয়ে হয়েছে); ব্যভিচারির নয় এবং সন্তানকে (কারো সঙ্গে) সম্পৃক্ত করা ও স্বীয় বংশের দাবী করা প্রসঙ্গ।
৭০। হাসান ইবন সা'দ (র)-এর আযাদকৃত দাস হাসান ইবন সা'দ (র) সূত্রে রাবাহ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার পরিবার আমাকে তাদের এক রূমীয় দাসীর সঙ্গে বিয়ে দেন। আমি তার সঙ্গে মিলিত হলাম। এরপর সে আমার ন্যায় কালো এক সন্তান প্রসব করে। আমি তার নামকরণ করলাম 'আবদুল্লাহ'। এরপর আমি তার সঙ্গে আবার মিলিত হলাম। তখনও সে আমার ন্যায় কালো এক সন্তান প্রসব করে। আমি তার নামকরণ করলাম 'উবায়দুল্লাহ'। এরপর আমার পরিবারের ইউহান্নাস নামক এক রোমান দাস তার নিজস্ব ভাষায় তাকে প্ররোচিত করে। তিনি বলেন, এরপর সে কাকলাসের (রংয়ের) ন্যায় এক সন্তান প্রসব করে। আমি তাকে বললাম, এমনটি কেমন করে হল? সে বলল, এটা ইউহান্নাসের সন্তান। বর্ণনাকারী বলেন, তারপর আমি আমীরুল মু'মিনীন উসমান (রা)-এর নিকট বিষয়টি উত্থাপন করলাম। বর্ণনাকারী মাহদী (র) বলেন, আমার মনে হয়, তিনি বলেছেন, এরপর আমীরুল মু'মিনীন তাদেরকে (এ অপকর্ম সম্বন্ধে) জিজ্ঞাসা করলে তারা স্বীকার করল। তিনি বললেন, রাসূলুল্লাহ (ﷺ) এ বিষয়ে যেরূপ ফয়সালা করেছেন, সেরূপ যদি আমি করি তবে কি তোমরা সন্তুষ্ট থাকবে? তারপর বললেন, রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিয়েছেন যে, সন্তান বিছানার (অর্থাৎ যার সঙ্গে বৈধভাবে বিয়ে হয়েছে) আর ব্যভিচারির জন্য পাথর (অর্থাৎ সন্তানের বংশ তার থেকে সাব্যস্ত হবে না।) বর্ণনাকারী মাহদী (র) বলেন, আমার মনে হয় তিনি বলেছেন, এরপর আমীরুল মু'মিনীন স্ত্রীলোক এবং দাস উভয়কে চাবুক মারেন। তারা উভয় জন দাস ছিল।
(দ্বিতীয় সূত্রে) মুহাম্মাদ ইবন আবদিল্লাহ ইবন আবি ইয়াকুব (র) আবূ রাবাহ (র) সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেন। তাতে অতিরিক্ত আছে, এরপর আমীরুল মু'মীন সন্তানকে আমার সাথে সম্বন্ধযুক্ত করলেন। বর্ণনাকারী বলেন, তারপর তিনি তাদের উভয়কে চাবুক মারেন। অতঃপর সে (স্ত্রী লোক) কালো সন্তান প্রসব করে।
(আবু দাউদ, বায়হাকী। সকলের নিকট হাদীসটির প্রথম সূত্র হাসান। তবে দ্বিতীয় সূত্রে সংযোগ-বিচ্ছিন্নতা রয়েছে। আবু দাউদ (র) ও মুনযিরী (র) হাদীসটি সম্বন্ধে কোন মন্তব্য করেন নি।)
كتاب اللعان
باب أن الولد للفراش دون الزاني: وما جاء في إلحاق الولد ودعوى النسب
عن الحسن بن سعد مولى حسن بن سعد عن رباح قال زوجني أهلي أمة لهم رومية فوقعت عليها فولدت لي غلاما أسود مثلي فسميته عبد الله، ثم وقعت عليها فولدت لي غلاما أسود مثلي فسميته عبيد الله، ثم طين لها غلاما لأهلي رومي يقال له يوحنس فراطنها بلسانه قال فولدت غلاما كأنه وزغة من الوزغات، فقلت لها ما هذا؟ قالت هو ليوحنس، قال فرفعنا إلى أمير المؤمنين عثمان قال مهدي أحسبه قال سألهما فاعترفا، قال أترضيان أن أقضي بينكما بقضاء رسول الله صلى الله عليه وسلم؟ قال فإن رسول الله صلى الله عليه وسلم قضى أن الولد للفراش وللعاهر الحجر قال مهدي وأحسبه قال جلدها وجلده، وكانا مملوكين (ومن طريق ثان) عن محمد بن عبد الله بن أبي يعقوب يحدث عن رباح بنحوه وفيه قال فألحقه بي قال فجلدهما فولدت لي بعد غلاما أسود
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৭০ | মুসলিম বাংলা