আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১৫. অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়

হাদীস নং: ২৭৯৮
অধ্যায়ঃ ক্রয়-বিক্রয়
ঋণ গ্রহণ থেকে ভীতি প্রদর্শন, ঋণ গ্রহীতা ও বিবাহ-ইচ্ছুক ব্যক্তিকে ঋণ পরিশোধের নিয়্যত রাখার প্রতি উৎসাহ দান এবং মৃত ব্যক্তির ঋণ সত্বর আদায় করা প্রসঙ্গে
২৭৯৮. হযরত আবু মূসা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহর নিষিদ্ধ কবীরা গুনাহসমূহের পর আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ এই যে, কোন বান্দা এমন ঋণ নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, যা পরিশোধের কোন ব্যবস্থা সে করে যায়নি।
(হাদীসটি আবু দাউদ ও বায়হাকী বর্ণনা করেছেন।)
كتاب البيوع
التَّرْهِيب من الدّين وترغيب المستدين والمتزوج أَن ينويا الْوَفَاء والمبادرة إِلَى قَضَاء دين الْمَيِّت
2798- وَعَن أبي مُوسَى رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ إِن أعظم الذُّنُوب عِنْد الله أَن يلقاه بهَا عبد بعد الْكَبَائِر الَّتِي نهى الله عَنْهَا أَن يَمُوت رجل وَعَلِيهِ دين لَا يدع لَهُ قَضَاء

رَوَاهُ أَبُو دَاوُد وَالْبَيْهَقِيّ

হাদীসের ব্যাখ্যা:

রাসূলুল্লাহ ﷺ এক দিকে তো সম্পদশালী সাহাবীগণকে অভাবী ভাইদেরকে কর্জ দিতে ও তা আদায়ের ব্যাপারে কর্জগ্রহীতাকে সময় দিতে উৎসাহিত করেছেন যে, যখন সুযোগ পাবে পরিশোধ করবে। আর যদি অপারগ ও অভাবী হয় তবে কর্জের সমুদয় অথবা আংশিক ক্ষমা করে দিবে। এর বিরাট পুণ্য বর্ণনা করেছেন। অপরদিকে কর্জ গ্রহীতাকে সতর্ক করেছেন যে, যে যথাসম্ভব তাড়াতাড়ি কর্জ পরিশোধ করবে এবং এর বোঝা হতে ভারমুক্ত হতে চেষ্টা করবে। আল্লাহ না করুন, কর্জ পরিশোধ ছাড়া যদি এ দুনিয়া হতে চলে যায় তবে আখিরাতে এর পরিণাম তার জন্যে খুবই মন্দ হবে। কেননা তিনি ইহাকে কঠিনতম ও ক্ষমার অযোগ্য বলেছেন। কখনো এরূপ হয়েছে যে, কোন মৃত ব্যক্তি সম্পর্কে তিনি অবগত হয়েছেন, তার উপর কারো কর্জ রয়েছে যাকে পরিশোধ করেনি, তখন তিনি তার জানাযায় নামায পড়াতে অস্বীকার করেছেন। স্পষ্টতঃই এটা তাঁর পক্ষ হতে চূড়ান্ত পর্যায়ের হুঁশিয়ারী ছিল।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান