আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

৯. অধ্যায়ঃ রোযা

হাদীস নং: ১৫২২
অধ্যায়ঃ রোযা
আরাফার বাইরে অবস্থানকারীদের জন্য আরাফার রোযার প্রতি উৎসাহ প্রদান এবং হজ্জের উদ্দেশ্যে আরাফায় অবস্থানরত ব্যক্তিদের জন্য এর নিষেধাজ্ঞা প্রসঙ্গ
১৫২২. হযরত আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ ﷺ -কে আরাফার দিনের রোযা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। তিনি তখন বলেছিলেনঃ এদিনের রোযা বিগত ও আগত বছরের গুনাহসমূহের কাফফারা স্বরূপ হয়ে যাবে।
(হাদীসটি মুসলিম বর্ণনা করেছেন। বর্ণিত শব্দসমূহ তাঁরই। আবূ দাউদ, নাসাঈ ও ইবন মাজাহও এটি বর্ণনা করেন। তিরমিযী এটি এভাবে বর্ণনা করেছেন:
নবী করীম ﷺ বলেছেন, আরাফার দিনের রোযা সম্পর্কে আমি আল্লাহর কাছে এ আশা পোষণ করি যে, তিনি এরদ্বারা পূর্ববর্তী ও পরবর্তী বছরের গুনাহসমূহ মাফ করে দেবেন।)
كتاب الصَّوْم
التَّرْغِيب فِي صِيَام يَوْم عَرَفَة لمن لم يكن بهَا وَمَا جَاءَ فِي النَّهْي عَنْهَا لمن كَانَ بهَا حَاجا
1522- عَن أبي قَتَادَة رَضِي الله عَنهُ قَالَ سُئِلَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن صَوْم يَوْم عَرَفَة قَالَ
يكفر السّنة الْمَاضِيَة والباقية

رَوَاهُ مُسلم وَاللَّفْظ لَهُ وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالتِّرْمِذِيّ وَلَفظه إِن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ صِيَام يَوْم عَرَفَة إِنِّي أحتسب على الله أَن يكفر السّنة الَّتِي بعده وَالسّنة الَّتِي قبله

হাদীসের ব্যাখ্যা:

আরাফার দিনের রোযার এ ফযীলত ও উৎসাহ দান ঐসব হাজীদের জন্য নয়, যারা হজ্ব পালনের জন্য আরাফার ময়দানে সমবেত হয়ে থাকেন; বরং তাদের জন্য সেখানে রোযা না রাখা উত্তম।

শিক্ষাঃ কোন কোন মানুষ ঐসব হাদীসে সন্দেহ করতে শুরু করে, যেগুলোর মধ্যে কোন আমলের সওয়াব ও প্রতিদান তাদের ধারণার চাইতে খুববেশী ও অসাধারণ বর্ণনা করা হয়েছে। যেমন, এ হাদীসে আরাফার দিনের রোযা সম্পর্কে বলা হয়েছে, "এর বরকতে পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুনাহ মাফ হয়ে যাওয়ার আশা রয়েছে।" এ ধরনের সন্দেহের ভিত্তি হচ্ছে মহান দয়াময়ের দয়া ও অনুগ্রহের ব্যাপকতা ও বিস্তৃতি সম্পর্কে তাদের অজ্ঞতা। আল্লাহ তা'আলা পরম দয়াময় ও একচ্ছত্র ক্ষমতার অধিকারী। তিনি যে দিনের যে আমলের যত মূল্য নির্ধারণ করতে চান, তাই করতে পারেন। বছরের একটি রাত লাইলাতুল কদরকে তিনি হাজার মাস অর্থাৎ, প্রায় ত্রিশ হাজার দিন ও রাতের চেয়ে উত্তম সাব্যস্ত করেছেন। এটা হচ্ছে তাঁর অপার অনুগ্রহ। সারকথা, হাদীস যদি সহীহ হয়, তাহলে এ ধরনের সংশয় মু'মিনের অন্তরে না আসা চাই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান