আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

১. ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত

হাদীস নং: ৪১
ইখলাস-সত্যবাদিতা ও সদিচ্ছা সম্পর্কিত
রিয়া সম্পর্কে ভীতি প্রদর্শন এবং রিয়ার আশংকাকালীন দু'আ
৪১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন: শেষ যামানায় এমন এক শ্রেণীর লোক বের হবে, তারা দ্বীনের দ্বারা প্রতারণা করে দুনিয়া হাসিল করবে, তারা লোকদের সাথে কোমল ভেড়ার চামড়া পরে থাকবে, তাদের ভাষা হবে মধু অপেক্ষা অধিকতর মিষ্ট অথচ অন্তর হবে নেকড়ে বাঘের ন্যায়, আল্লাহ্ তা'আলা বলেন, "তারা কি আমার সাথে প্রতারণা করছে নাকি আমার সাথে দুঃসাহস দেখাচ্ছে? আমি আমার সত্তার শপথ করে বলছি যে, আমি অবশ্যই তাদেরকে কঠিন বিপদে নিপতিত করব যা পরম ধৈর্যশীলকেও অস্থির করে তুলবে।"
(ইয়াহইয়া ইব্ন উবায়দ সূত্রে ইমাম তিরমিযী (র) হাদীসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, আমি আমার পিতাকে আবু হুরায়রা (রা) সূত্রে হাদীসটি বর্ণনা করতে শুনেছি। অতঃপর তিনি হাদীসটি বর্ণনা করেন। হযরত ইবন উমর (রা) সূত্রে তাঁর রিওয়ায়াতটি সংক্ষিপ্ত। ইমাম আবু ঈসা তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান।)
كتاب الإخلاص
التَّرْهِيب من الرِّيَاء وَمَا يَقُوله من خَافَ شَيْئا مِنْهُ
41 - وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يخرج فِي آخر الزَّمَان رجال يختلون الدُّنْيَا بِالدّينِ يلبسُونَ للنَّاس جُلُود الضَّأْن من اللين ألسنتهم أحلى من الْعَسَل وَقُلُوبهمْ قُلُوب الذئاب يَقُول الله عز وَجل أبي يغترون أم عَليّ يجترئون فَبِي حَلَفت لَأَبْعَثَن على أُولَئِكَ مِنْهُم فتْنَة تدع الْحَلِيم حيران
رَوَاهُ التِّرْمِذِيّ من رِوَايَة يحيى بن عبيد سَمِعت أبي يَقُول سَمِعت أَبَا هُرَيْرَة فَذكره وَرَوَاهُ مُخْتَصرا من حَدِيث ابْن عمر وَقَالَ حَدِيث حسن

হাদীসের ব্যাখ্যা:

দীনের আবরণে দুনিয়া হাসিল করা খুবই গর্হিত কাজ। বৈধ পন্থায় দুনিয়ার ধন-দৌলত উপার্জন করা অন্যায় নয়। বরং কোন কোন ক্ষেত্রে দুনিয়ার উপায়-উপকরণ হাসিল করা খুবই সওয়াবের কাজ। কিন্তু দীনের ছদ্মবেশে দুনিয়ার সুযোগ-সুবিধা হাসিল করা বা নিজের পার্থিব স্বার্থ হাসিল করার জন্য আল্লাহর দীনকে ব্যবহার করা চূড়ান্ত পর্যায়ের প্রতারণা। তাদের বেশভূষা, চাল-চলন, কথাবার্তা, পলিসি-প্রোগ্রাম এবং প্রচারের দ্বারা সাধারণ মানুষ প্রতারিত হয়। আল্লাহর বান্দাগণ এ ধরনের বকধার্মিকদেরকে প্রকৃত ধার্মিক জ্ঞান করে তাদের উপদেশ গ্রহণ করে, তাদেরকে অনুসরণ করে, তাদের ইশারা-ইঙ্গিতে শ্রম ও অর্থ কুরবান করে, তাদের প্রদর্শিত রাস্তাকে হিদায়াতের সঠিক তরীকা জ্ঞান করে এবং সারা জীবন তাদের ভ্রান্ত ধ্যান-ধারণার প্রচারে প্রকাশ্যে সাহায্য করে। বকধার্মিকদের বাহ্যিক আচরণ ও মিষ্ট কথাবার্তা থেকে সাধারণ মানুষ বুঝতে পারে না যে, তারা উঁচুদরের প্রতারক, বিরাট মুনাফা অর্জনের জন্য তারা এরূপ সুকৌশলে দীনের তেজারত শুরু করেছে। এ ধরনের মানুষ যে সমাজের কত বিরাট ক্ষতি করে, তা নবী করীম ﷺ-এর উপমা থেকে পরিষ্কার বুঝা যায়। তিনি এ ধরনের ধর্ম ব্যবসায়ীদেরকে ভেড়ার চামড়ায় আবৃত নেকড়ে বাঘের সাথে তুলনা করেছেন। যদি কোন নেকড়ে বাঘ মেষের আকৃতি ধারণ করে মেষপালের নিকট যায়, তাহলে পালের মেষ তাকে ভিন্ন পশু মনে করবে না এবং তা থেকে আত্মরক্ষার চেষ্টাও করবে না। এ ধরনের পরিস্থিতিতে নেকড়ে বাঘ মেষপালের মারাত্মক ক্ষতি সাধন করবে। অনুরূপভাবে ধর্ম ব্যবসায়ী প্রতারক হিসেবে মানুষের কাছে আসে না; বরং একজন ধার্মিক ব্যক্তির আকৃতি ধারণ করে মানুষের সরলতা ও বিশ্বাসের সুযোগ গ্রহণ করে সমাজের ক্ষতি সাধন করে। একজন সাধারণ প্রতারক সমাজের যা ক্ষতি না করতে পারে, তার চেয়ে হাজার গুণ বেশি একজন ধর্ম ব্যবসায়ী সমাজের ক্ষতি করে। আখেরী যামানায় ধর্ম ব্যবসায়ীদের আবির্ভাব হবে বলে নবী করীম ﷺ ভবিষ্যদ্বাণী করেছেন। ধর্ম ব্যবসায়ীদের ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকতে হবে।

যারা দীনের ছদ্মাবরণে দুনিয়া হাসিল করে, আল্লাহ তাদেরকে দুনিয়ার যিন্দেগীতে শাস্তি দান করবেন। আল্লাহ এ ধরনের বকধার্মিকদেরকে শাস্তি দান করার জন্য তাদের নিজেদের মধ্য থেকেএমন মারাত্মক ফিতনার সৃষ্টি করবেন যা তাদেরকে চরম হয়রান-পেরেশান করবে। জঘন্য দুষ্কর্মের কারণে দুনিয়ার যিন্দেগীতে অশান্তি ও অপমানের আগুনে জ্বলেপুড়ে মরবে এবং আখিরাতে আগুনের আযাবে বিদগ্ধ হবে। (তিরমিযী)
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান