আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

১৯- জানাযার অধ্যায়

হাদীস নং: ১২২৩
আন্তর্জাতিক নং: ১৩০১
- জানাযার অধ্যায়
৮২৪. মুসীবতের সময় দুঃখ প্রকাশ না করা।
মুহাম্মাদ ইবনে কা’ব (রাহঃ) বলেন, অস্থিরতা হচ্ছে মন্দ বাক্য উচ্চারণ করা, কুধারণা পোষণ করা।
ইয়াকুব (আলাইহিস সালাম) বলেছেনঃ আমি আমার অসহনীয় বেদনা ও আমার দুঃখ শুধু আল্লাহর নিকট নিবেদন করছি।
১২২৩। বিশর ইবনে হাকাম (রাহঃ) ......... আনাস ইবনে মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আবু তালহা (রাযিঃ) এর এক পুত্র অসুস্থ হয়ে পড়ল। রাবী বলেন, সে মারা গেল। তখন আবু তালহা (রাযিঃ) বাড়ীর বাইরে ছিলেন। তাঁর স্ত্রী যখন দেখলেন যে, ছেলেটি মারা গেছে, তখন তিনি কিছু প্রস্তুতি নিলেন।* এবং ছেলেটিকে ঘরের এক কোনে রেখে দিলেন। আবু তালহা (রাযিঃ) বাড়ীতে এসে জিজ্ঞাসা করলেন, ছেলের অবস্থা কেমন? স্ত্রী জওয়াব দিলেন, তার আত্মা শান্ত হয়েছে এবং আশা করি সে এখন আরাম পাচ্ছে। আবু তালহা (রাযিঃ) ভাবলেন, তাঁর স্ত্রী সত্য বলেছেন**। রাবী বলেন, তিনি রাত যাপন করলেন এবং ভোরে গোসল করলেন। তিনি বাইরে যেতে উদ্যত হলে স্ত্রী তাঁকে জানালেন ছেলেটি মারা গেছে। এরপর তিনি নবী (ﷺ) এর সঙ্গে (ফজরের) নামায আদায় করলেন। তারপর নবী (ﷺ) কে তাঁদের রাতের ঘটনা জানালেন। তখন রাসূল (ﷺ) ইরশাদ করলেনঃ আশা করা যায়, আল্লাহ পাক তোমাদের এ রাতে বরকত দিবেন। সুফিয়ন (রাহঃ) বলেন, এক ব্যক্তি বর্ণনা করেছেন, আমি (আবু তালহা (রাযিঃ) দম্পতির নয়জন সন্তান দেখেছি, তাঁরা সবাই কুরআন সম্পর্কে দক্ষ ছিলেন।

*যাতে স্বামী ব্যাপারটি বুঝতে না পারেন তজ্জন্য তিনি নিজেই শিশুটিকে গোসল ও কাফনের ব্যবস্থা করলেন, অথবা স্বামীর খাদ্যদ্রব্য প্রস্তুত করলেন, অথবা স্বামীর সংগলাভের জন্য সাজ-সজ্জার প্রস্তুতি নিলেন।

** এখানে তাঁর স্ত্রী মিথ্যা বলেছেন, এটা উদ্দেশ্য নয়।
كتاب الجنائز
بَابُ مَنْ لَمْ يُظْهِرْ حُزْنَهُ عِنْدَ المُصِيبَةِ وَقَالَ مُحَمَّدُ بْنُ كَعْبٍ القُرَظِيُّ: " الجَزَعُ: القَوْلُ السَّيِّئُ وَالظَّنُّ السَّيِّئُ "، وَقَالَ يَعْقُوبُ عَلَيْهِ السَّلاَمُ: {إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ} [يوسف: 86]
1301 - حَدَّثَنَا بِشْرُ بْنُ الحَكَمِ [ص:83]، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: اشْتَكَى ابْنٌ لِأَبِي طَلْحَةَ، قَالَ: فَمَاتَ، وَأَبُو طَلْحَةَ خَارِجٌ، فَلَمَّا رَأَتِ امْرَأَتُهُ أَنَّهُ قَدْ مَاتَ هَيَّأَتْ شَيْئًا، وَنَحَّتْهُ فِي جَانِبِ البَيْتِ، فَلَمَّا جَاءَ أَبُو طَلْحَةَ قَالَ: كَيْفَ الغُلاَمُ، قَالَتْ: قَدْ هَدَأَتْ نَفْسُهُ، وَأَرْجُو أَنْ يَكُونَ قَدِ اسْتَرَاحَ، وَظَنَّ أَبُو طَلْحَةَ أَنَّهَا صَادِقَةٌ، قَالَ: فَبَاتَ، فَلَمَّا أَصْبَحَ اغْتَسَلَ، فَلَمَّا أَرَادَ أَنْ يَخْرُجَ أَعْلَمَتْهُ أَنَّهُ قَدْ مَاتَ، فَصَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ أَخْبَرَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَا كَانَ مِنْهُمَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَعَلَّ اللَّهَ أَنْ يُبَارِكَ لَكُمَا فِي لَيْلَتِكُمَا» قَالَ سُفْيَانُ: فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: فَرَأَيْتُ لَهُمَا تِسْعَةَ أَوْلاَدٍ كُلُّهُمْ قَدْ قَرَأَ القُرْآنَ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছে মূলত হযরত উম্মু সুলায়ম রাযি. ও হযরত আবু তালহা আনসারী রাযি দম্পতির একটি ঘটনা বর্ণিত হয়েছে। প্রথমে এ দুই মহান সাহাবীর সংগে পরিচিত হই।

হযরত আবু তালহা রাযি.
হযরত আবু তালহা রাযি. একজন বিখ্যাত সাহাবী। তাঁর মূল নাম যায়দ ইব্‌ন সাহল। তিনি আনসারদের খাযরাজ শাখার লোক ছিলেন। আবু তালহা নামেই তিনি বেশি প্রসিদ্ধ। তিনি হিজরতের আগে ইসলাম গ্রহণ করেন। তাঁর ইসলাম গ্রহণের পেছনে হযরত উম্মু সুলায়ম রাযি.-এর ভূমিকা আছে। হযরত উম্মু সুলায়ম রাযি.-এর স্বামী ছিলেন মালিক ইবনে নযর। উম্মু সুলায়ম রাযি. ইসলামের শুরু দিকেই ইসলামগ্রহণ করেছিলেন। তাতে মালিক ভীষণ ক্রুদ্ধ হয় এবং তাঁকে পরিত্যাগ করে শাম চলে যায়। সেখানেই তার মৃত্যু হয়। অতঃপর আবু তালহা রাযি. তাঁকে বিবাহের প্রস্তাব দেন। তখনও আবূ তালহা রাযি. ইসলাম গ্রহণ করেননি। উম্মু সুলায়ম রাযি. তাঁকে বললেন, আবূ তালহা! তোমার কি লজ্জাবোধ হয় না? তুমি গাছ-বৃক্ষের পূজা কর? তুমি যদি ইসলামগ্রহণ কর, তবে আমি তোমাকে বিবাহ করতে রাজি আছি। সে ক্ষেত্রে তোমার আমাকে কোনও মাহরও দিতে হবে না। আবূ তালহা রাযি. বললেন, আমি ভেবে দেখব। এই বলে তিনি চলে গেলেন। তারপর চিন্তা-ভাবনার পর তাঁর বুঝে আসল, আসলেই তাঁর ধর্ম ভ্রান্ত। মানুষ হয়ে গাছ-বৃক্ষের পূজা করার কোনও মানে হয় না। অবিলম্বে তিনি ইসলামগ্রহণ করলেন। হযরত উম্মু সুলায়ম রাযি. এর সাথে তাঁর বিবাহ হয়ে গেল। হযরত আবূ তালহা রাযি. আকাবার বাই'আতে শরীক ছিলেন। বদর ও উহুদসহ সকল যুদ্ধে অংশগ্রহণ করেছেন। উহুদ যুদ্ধে তাঁর ত্যাগ ও বীরত্বের ঘটনা সুবিদিত। তিনি নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে শত্রুদের প্রতি তীর ছুঁড়ছিলেন। নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলে সেদিকে দেখতে চাইলে আবূ তালহা রাযি. তাঁকে বারণ করলেন। বললেন, আপনি মাথা তুলবেন না। শত্রুদের তীর লেগে যেতে পারে। আমার বুক আপনার বুক রক্ষার জন্য ঢাল হয়ে থাকল। তিনি অতিবড় দানশীল ছিলেন। যখন আয়াত নাযিল হল-

لن تنالوا البر حتى تنفقوا مما تحبون

‘তোমরা কিছুতেই পুণ্যের নাগাল পাবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু হতে (আল্লাহর জন্য) ব্যয় করবে।-
তখন তিনি নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আমার সর্বাপেক্ষা প্রিয় সম্পদ ‘বাইরুহা' নামক খেজুরের বাগানটি। আমি এ বাগানটি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে বললেন, শাবাশ আবু তালহা! এটি খুবই লাভজনক সম্পদ। হযরত আবু তালহা রাযি. নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের পর আরও চল্লিশ বছর জীবিত ছিলেন। তিনি শামে হিজরী ৫১ সালে ইন্তিকাল করেন। এক বর্ণনা দ্বারা জানা যায়, তাঁর মৃত্যু হয়েছিল এক সামুদ্রিক যুদ্ধাভিযানে। তাঁকে দাফন করার জন্য কোনও দ্বীপ পাওয়া যাচ্ছিল না। ৭ দিন অপেক্ষার পর একটি দ্বীপ পাওয়া যায় এবং সেখানে তাঁকে দাফন করা হয়। এত দেরিতে দাফন সত্ত্বেও তাঁর লাশ নষ্ট হয়নি।

হযরত উম্মু সুলায়ম রাযি.
হযরত উম্মু সুলায়ম রাযি. আনসার গোত্রীয়া এক বিখ্যাত সাহাবী। তাঁর ভাই হারাম ইবন মিলহান রাযি. এবং পিতা মিলহান রাযি.-ও খ্যাতনামা সাহাবী ছিলেন। তাঁরা উহুদের যুদ্ধে শাহাদাতবরণ করেন। উম্মু সুলায়ম রাযি.-এর প্রকৃত নাম সম্পর্কে বিভিন্ন মত পাওয়া যায়। কেউ বলেন, সাহলা। কেউ বলেন, রুমাইলা। কারও মতে মুলাইকা। কারও মতে, রামীসা ইত্যাদি। জাহিলী যুগে মালিক ইবনুন নাযরের সংগে তাঁর বিবাহ হয়েছিল। মালিকের ঔরসে তিনি এক পুত্রসন্তানের জন্মদান করেন। তাঁর সেই পুত্রই বিখ্যাত সাহাবী হযরত আনাস ইবন মালিক রাযি., যিনি নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের খাস খাদেম ছিলেন। হযরত উম্মু সুলায়ম রাযি. অত্যন্ত বুদ্ধিমতী নারী ছিলেন। ইসলামের শুরুর দিকেই তিনি ঈমান আনয়ন করেন। পরে আবু তালহা আনসারী রাযি.-এর সংগে তাঁর বিবাহ হয়। এ বিবাহে তাঁর পুত্র আনাস রাযি. অভিভাবকত্ব করেছিলেন। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উম্মু সুলায়ম রাযি.-কে অত্যন্ত স্নেহ করতেন। তিনি মাঝেমধ্যে তাঁকে দেখতে যেতেন এবং হাদিয়া-তোহফা দিতেন। হযরত উম্মু সুলায়ম রাযি. একজন বীরাঙ্গনা নারী ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগে বিভিন্ন যুদ্ধেও শরীক থেকেছেন। তাঁর যুদ্ধসংক্রান্ত বিভিন্ন ঘটনাও বর্ণিত আছে, যেমন হুনায়নের যুদ্ধে তিনি একটি খঞ্জর নিয়ে গিয়েছিলেন। আবূ তালহা আনসারী রাঃ সে কথা নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি বলেছিলেন, কোনও মুশরিককে কাছে পেলে আমি এই খঞ্জর দিয়ে তার পেট চিড়ে ফেলব। হযরত আবু তালহা রাযি.-এর ঔরসে তিনি ১১জন পুত্রসন্তানের জন্মদান করেন। তাদের মধ্য থেকে একজন শৈশবেই ইন্তিকাল করেন। বাকি সকলেই কুরআন মাজীদের আলেম ছিলেন।

এ হাদীছে বলা হয়েছে, হযরত আবু তালহা রাযি.-এর এক পুত্রসন্তান শৈশবে মারা যায়। তার নাম ছিল আবু উমায়র। নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব স্নেহ করতেন। তার একটি ছোট পাখি ছিল। দিনমান সেটি নিয়ে মেতে থাকত। কিন্তু পাখিটি বেশিদিন টিকল না। সেটি মারা গেলে সে শোকে অনেক কান্নাকাটি করল। নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম তাদের বাড়ি এসে দেখেন সে পাখির শোকে কাঁদছে। তিনি এই বলে তার সংগে রসিকতা করলেন-

«يا أبا عمير ما فعل النغير»

‘ওহে আবূ উমায়র! কোথায় তোমার নুগায়র?
‘নুগায়র' মানে ছোট পাখি। উমায়র মানে স্বল্পায়ু। কেউ কেউ বলেন, তার এ নাম নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামই রেখেছিলেন এবং এর মধ্যে ইঙ্গিত ছিল, সে বেশি দিন বাঁচবে না। হয়তো ওহী মারফত তিনি তা জানতে পেরেছিলেন।

ইবন মাজাহ শরীফের এক বর্ণনায় হযরত আবূ তালহা রাযি. ও উন্মু সুলায়ম রাযি. এর বিবাহের ঘটনা বিস্তারিত বর্ণিত হয়েছে। তাতে আছে, অতঃপর উম্মু সুলায়ম রাযি. একটি ফুটফুটে পুত্রসন্তান জন্ম দিলেন। আবূ তালহা রাযি. তাকে বেজায় ভালোবাসতেন। শিশুটি বড় হয়ে উঠল এবং দৌড়াদৌড়ির বয়সে পৌঁছাল। হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে। তাতে আবূ তালহা রাযি. ভীষণ শোকাতর হয়ে পড়েন। তিনি সকাল সন্ধ্যা নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। এক সন্ধ্যায় তিনি যখন নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, তখন শিশুটির মৃত্যু হয়ে যায়। তারপর বাড়ি ফিরে যথারীতি শিশুটির খোঁজখবর নিলেন। তার মা উম্মু সুলায়ম রাযি জানালেন, সে আগের তুলনায় শান্ত আছে।

উম্মু সুলায়ম রাযি. যে বললেন শান্ত আছে, তার মানে এর আগে অসুখে কষ্ট পাচ্ছিল। মৃত্যুযন্ত্রণায় ছটফট করছিল। এখন তার মৃত্যু হয়ে গেছে। সেই কষ্ট-ক্লেশ ও যন্ত্রণা নাই। মৃত্যুর মাধ্যমে শান্ত হয়ে গেছে। কিন্তু আবূ তালহা রাযি. বুঝেছিলেন সে আগের তুলনায় সুস্থ আছে। হযরত উম্মু সুলায়ম রাযি. চাচ্ছিলেন আবূ তালহা রাযি. তাই বুঝুক। আগেই বলা হয়েছে, তিনি অত্যন্ত বুদ্ধিমতী ছিলেন। অসাধারণ ধৈর্যশীলা ছিলেন। তাঁর তো জানা ছিল আবূ তালহা রাযি.তাঁর এই শিশুপুত্রকে কতটা ভালোবাসেন। হঠাৎ মৃত্যুসংবাদ শুনলে তাঁর পক্ষে তা সহ্য করা কঠিন হবে। তাই হঠাৎ করে শোকসংবাদ না জানিয়ে উপযুক্ত সময়ের অপেক্ষায় থাকলেন। তাকে রাতের খাবার দিলেন। তাঁর অন্যসব প্রয়োজন মেটালেন। তারপর আবূ তালহা রাযি. যখন সম্পূর্ণ শান্ত ও পরিতপ্ত হয়ে গেলেন, তখন একটা ভূমিকা দিয়ে মৃত্যুসংবাদ জানালেন। ভূমিকাটি বড় কৌতূহলোদ্দীপক। 'ধার'-এর যুক্তি উত্থাপন করলেন। হাঁ, ধারই তো। সকল বাবা-মায়ের পক্ষে তাদের সন্তান-সন্ততি আল্লাহর দেওয়া ধার। আল্লাহই তাদের সৃষ্টিকর্তা এবং আল্লাহই মালিক। তিনি যখন তাদের মালিক, তখন যে-কোনও সময় তার তাদেরকে ফেরত নেওয়ারও অধিকার আছে। পিতা-মাতার তাতে আপত্তি করার কোনও হক নেই । অখণ্ডনীয় এ যুক্তি শোনার পর কারও ধৈর্যহারা হওয়ার অবকাশ থাকে না। এখানেও তাই হল। হযরত আবূ তালহা আনসারী রাযি. খানিকটা রাগ করলেও অধৈর্যের কোনও কাজ করেননি। খুশিমনে তিনি আল্লাহর ফয়সালা মেনে নেন এবং শান্তভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে গোটা বৃত্তান্ত জানান।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দু'আয় হযরত উম্মু সুলায়ম রাযি. ও আবু তালহা রাযি. দম্পতির এক পুত্রসন্তান জন্ম নিল। তার নাম রাখা হল আব্দুল্লাহ। হযরত আনাস রাযি.-এর বৈপিত্রেয় ভাই। উভয়ের মা উম্মু সুলায়ম রাযি., কিন্তু পিতা ভিন্ন। হযরত আনাস রাযি.-এর পিতা উম্মু সুলায়ম রাযি.-এর প্রাক্তন স্বামী মালিক ইবনুন নাযর আর আব্দুল্লাহর পিতা তাঁর বর্তমান স্বামী আবু তালহা রাযি। উম্মু সুলায়ম রাযি. আনাস রাযি.-কে দিয়ে আব্দুল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন। সংগে 'তাহনীক'-এর জন্য কিছু খেজুর দিলেন।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. এ হাদীছ দ্বারা শোকে-দুঃখে ধৈর্যধারণের উৎসাহ লাভ হয়।

খ. নারী-পুরুষ নির্বিশেষে সকল সাহাবীই নবী কারীম সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের শিক্ষায় নিজেদের কতটা আদর্শনীয়রূপে গড়ে তুলেছিলেন, তাও জানা যায়। আমাদের কর্তব্য তাদের আদর্শ অনুসরণ করা।

গ. বাবা-মায়ের কর্তব্য শিশুর উত্তম তরবিয়াত করা। সুন্দর নাম রাখা এবং বুযুর্গানে দীনের দু'আ ও বরকত লাভ করাও তার অন্তর্ভুক্ত।

ঘ. স্ত্রীর কর্তব্য স্বামী ঘরে ঢোকার পর ঘরের কোনও দুঃসংবাদ তাকে আকস্মিকভাবে না শোনানো।

ঙ. শিশুকে আদর-স্নেহ করা ও হাস্য-পরিহাসের মাধ্যমে তাকে আনন্দদানের শিক্ষাও এ হাদীছ দ্বারা লাভ হয়।

এ হাদীছে আরও বহু শিক্ষণীয় বিষয় আছে। মনোযোগী পাঠক চিন্তা-ভাবনা করলে সহজেই তা বুঝতে পারে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)