আল আনফাল

সূরা নং: ৮, আয়াত নং: ২৬

তাফসীর
وَاذۡکُرُوۡۤا اِذۡ اَنۡتُمۡ قَلِیۡلٌ مُّسۡتَضۡعَفُوۡنَ فِی الۡاَرۡضِ تَخَافُوۡنَ اَنۡ یَّتَخَطَّفَکُمُ النَّاسُ فَاٰوٰىکُمۡ وَاَیَّدَکُمۡ بِنَصۡرِہٖ وَرَزَقَکُمۡ مِّنَ الطَّیِّبٰتِ لَعَلَّکُمۡ تَشۡکُرُوۡنَ

উচ্চারণ

ওয়াযকুরূ ইয আনতুমকালীলুমমুছতাদ‘আফূনা ফিল আরদি তাখা-ফূনা আইঁ ইয়াতাখাত্তাফাকুমুন্না-ছুফাআ-ওয়া কুম ওয়া আইইয়াদাকুম বিনাসরিহী ওয়া রাঝাকাকুম মিনাততাইয়িবা-তি লা‘আল্লাকুম তাশকুরূন।

অর্থ

মুফতী তাকী উসমানী

এবং সেই সময়কে স্মরণ কর, যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, লোকে তোমাদেরকে তোমাদের দেশে দাবিয়ে রেখেছিল। তোমরা ভয় করতে, পাছে লোকে তোমাদেরকে অকস্মাৎ তুলে নিয়ে যায়। অতঃপর আল্লাহ তোমাদেরকে আশ্রয় দিলেন, তোমাদেরকে নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করলেন এবং তোমাদেরকে উৎকৃষ্ট জিনিসসমূহের রিযক দান করলেন, যাতে তোমরা কৃতজ্ঞতা আদায় কর। ১৬

তাফসীরে মুফতি তাকি উসমানী

১৬. এর দ্বারা মক্কী জীবনের কথা স্মরণ করানো হয়েছে, যখন মুসলিমদের সংখ্যা ছিল খুব কম। কাফেরগণ তাদেরকে নানারকম জুলুম-নির্যাতন দ্বারা দুর্বল করে রেখেছিল। তারা সর্বক্ষণ তটস্থ থাকত, না জানি কখন আকস্মিক হামলা চালিয়ে তাদের উপর হত্যাযজ্ঞ চালায়। পরিশেষে আল্লাহ তা‘আলা তাদেরকে মদীনায় আশ্রয় দান করেন এবং আসনারদেরকে তাদের সহযোগী বানিয়ে দেন। তারপর বদর যুদ্ধ আসে। তাতে মুহাজির-আনসারের সম্মিলিত বাহিনীকে ফিরিশতাদের সাহায্যকারী দল দ্বারা শক্তিশালী করেন ও তাদেরকে বিজয় দান করেন এবং এ যুদ্ধে লব্ধ সম্পদ অর্থাৎ গনীমতের মালকে তাদের জন্য হালাল করে দেন। এসব অনুগ্রহের দাবি হল, আল্লাহর শোকরগোযার হয়ে তাঁর বিধানাবলী পালনে যত্নবান থাকা। -অনুবাদক
সূরা আল আনফাল, আয়াত ১১৮৬ | মুসলিম বাংলা