আল আনফাল

সূরা নং: ৮, আয়াত নং: ১৮

তাফসীর
ذٰلِکُمۡ وَاَنَّ اللّٰہَ مُوۡہِنُ کَیۡدِ الۡکٰفِرِیۡنَ

উচ্চারণ

যা-লিকুম ওয়াআন্নাল্লা-হা মূহিনুকাইদিল কা-ফিরীন।

অর্থ

মুফতী তাকী উসমানী

তা তো রয়েছেই, তদুপরি আল্লাহ কাফেরদের চক্রান্ত দুর্বল করার ছিলেন। ১০

তাফসীরে মুফতি তাকি উসমানী

১০. প্রকৃতপক্ষে এটি একটি প্রশ্নের উত্তর। প্রশ্ন হতে পারে যে, আল্লাহ তাআলা তো নিজ কুদরতে সরাসরিই শত্রু নিপাত করতে পারতেন। তা সত্ত্বেও তিনি মুসলিমদেরকে কেন ব্যবহার করলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাত দিয়ে কাঁকর-মাটি কেন নিক্ষেপ করালেন? উত্তর দেওয়া হয়েছে এই যে, প্রথমত আল্লাহ তাআলার নীতি হল, তিনি তাকবীনী (রহস্যজগতীয়) বিষয়াবলীও বাহ্যিক কোন কারণ-উপকরণের মাধ্যমে সম্পন্ন করে থাকেন। এস্থলে মুসলিমদেরকে মাধ্যম বানানো হয়েছে এ কারণে, যাতে এই ছলে তাদের সওয়াব ও প্রতিদান হয়ে যায়। ‘তা তো রয়েছেই’ বলে এদিকেই ইঙ্গিত করা হয়েছে। দ্বিতীয়ত তিনি কাফেরদেরকে দেখাতে চাচ্ছিলেন যে, তোমরা তোমাদের যে কৌশল ও চক্রান্ত এবং আসবাব-উপকরণ নিয়ে গর্ববোধ করে থাক, আল্লাহ তাআলা সেগুলোকে মুসলিমদের হাতে ধুলোয় মিশিয়ে দিতে পারেন, যেই মুসলিমদেরকে তোমরা অতি দুর্বল মনে করছ।