(স্মরণ কর), যখন তিনি নিজের পক্ষ হতে স্বস্তির জন্য তোমাদেরকে তন্দ্রাচ্ছন্ন করছিলেন ৫ এবং আকাশ থেকে তোমাদের উপর পানি বর্ষণ করছিলেন, ৬ তা দ্বারা তোমাদেরকে পবিত্র করার জন্য, তোমাদের থেকে শয়তানের আবিলতা দূর করার জন্য, ৭ তোমাদের অন্তরে দৃঢ়তা বাঁধার জন্য এবং তার মাধ্যমে (তোমাদের) পা স্থির রাখার জন্য।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৫. এত বড় বাহিনীর সঙ্গে যদি নিরস্ত্র-প্রায় একটি ক্ষুদ্র দলকে যুদ্ধ করতে হয়, তবে ঘাবড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক। আল্লাহ তাআলা তাদের সে ঘাবড়ানি প্রশমিত করার লক্ষ্যে তাদেরকে তন্দ্রাচ্ছন্ন করে দিলেন। এটা তন্দ্রাচ্ছন্নতার এক সুফল যে, এর দ্বারা ভয়-ভীতি কেটে যায়। সুতরাং যুদ্ধের পূর্বের রাতে তারা প্রাণ ভরে ঘুমালেন। ফলে তারা একদম চাঙ্গা হয়ে উঠলেন। তাছাড়া যুদ্ধ চলাকালেও মাঝে-মধ্যে তাদের তন্দ্রাভাব দেখা দিত এবং তাতে তাদের স্বস্তি লাভ হত।