আত তাগাবুন

সূরা নং: ৬৪, আয়াত নং: ১৭

তাফসীর
اِنۡ تُقۡرِضُوا اللّٰہَ قَرۡضًا حَسَنًا یُّضٰعِفۡہُ لَکُمۡ وَیَغۡفِرۡ لَکُمۡ ؕ  وَاللّٰہُ شَکُوۡرٌ حَلِیۡمٌ ۙ

উচ্চারণ

ইন তুকরিদুল্লা-হা কারদান হাছানাইঁ ইউদা-‘ইফহু লাকুম ওয়া ইয়াগফিরলাকুম ওয়াল্লা-হু শাকূরুন হালীম।

অর্থ

মুফতী তাকী উসমানী

তোমরা যদি আল্লাহকে উত্তমভাবে ঋণ দাও, তবে আল্লাহ তা কয়েক গুণ বাড়িয়ে দেবেন এবং তোমাদের গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ অতি গুণগ্রাহী, মহা সহনশীলতার অধিকারী।

তাফসীরে মুফতি তাকি উসমানী

৬. ‘আল্লাহ তাআলাকে ঋণ দেওয়ার’ অর্থ হল, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সৎকাজে অর্থ ব্যয় করা। বিষয়টাকে এ ভাষায় প্রকাশ করার দ্বারা ইশারা করা হয়েছে যে, কাউকে ঋণ দেওয়ার সময় ঋণদাতা যেমন আশ্বস্ত থাকে যে, এক সময় সে তা ফেরত পাবে, তেমনিভাবে সৎকাজে অর্থ ব্যয়ের সময়ও এই বিশ্বাস থাকা চাই যে, আল্লাহ তাআলা এর বিনিময়ে অবশ্যই উত্তম পুরস্কার দান করবেন। ‘উত্তমভাবে ঋণ দেওয়া’ এর অর্থ নেক কাজে ইখলাস ও খাঁটি নিয়তে অর্থ ব্যয় করা। লোক দেখানো ও সুনাম কুড়ানো উদ্দেশ্য থাকবে না। সৎকর্মে অর্থব্যয়কে সূরা বাকারা (২ : ২৪৫), সূরা মায়েদা (৫ : ১২), সূরা হাদীদ (৫৭ : ১১, ১৮) ও সূরা মুযযাম্মিলেও (৭৩ : ২০) ‘কর্জে হাসানা’ (উত্তম ঋণ) নামে অভিহিত করা হয়েছে।