সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্রের সুসংবাদ দিলাম। ২০
তাফসীরে মুফতি তাকি উসমানী
২০. এর দ্বারা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে বোঝানো হয়েছে।
[এখান থেকে পরবর্তী আয়াতসমূহ দ্বারা জানা যায়, হযরত ইবরাহীম আলাইহিস সালাম পুত্র সন্তানের জন্য দুআ করেছিলেন, আল্লাহ তাআলা তাঁর দুআ কবুল করেছিলেন এবং সে পুত্রকেই কুরবানীর জন্য পেশ করা হয়েছিল। বর্তমান তাওরাত দ্বারাও প্রমাণ হয় হযরত ইবরাহীম আলাইহিস সালামের দুআর ফলে যে পুত্র জন্ম নিয়েছিলেন, তিনি হযরত ইসমাঈল আলাইহিস সালাম। দুআর ফসল হওয়ার কারণেই তাঁর নাম রাখা হয়েছিল ইসমাঈল। কেননা ইসমাঈল দু’টি শব্দের যৌগিক রূপ। সামা‘ ও ‘ঈল’। ‘সামা’ অর্থ ‘শোনা’ ও ‘ঈল’ অর্থ ‘আল্লাহ’। অর্থাৎ আল্লাহ হযরত ইবরাহীম আলাইহিস সালামের দুআ শুনলেন। তাওরাতে আছে, আল্লাহ তাআলা তাঁকে বললেন, ইসমাঈলের ব্যাপারে আমি তোমার কথা শুনলাম।
সুতরাং এ আয়াতসমূহে তাঁর যে পুত্রের কথা বলা হচ্ছে তিনি হযরত ইসহাক নন; বরং হযরত ইসমাঈল। তাছাড়া যবাহর বৃত্তান্ত বর্ণনা করার পর হযরত ইসহাক আলাইহিস সালামের জন্মের সুসংবাদ স্বতন্ত্রভাবে দেওয়া হয়েছে, যেমন সামনে এ সূরাতেই ইরশাদ হয়েছে ‘এবং আমি তাকে সুসংবাদ দিলাম ইসহাকের, যে হবে একজন নবী-নেককারদের অন্তর্ভুক্ত’ (আয়াত-১১২)। এটা নির্দেশ করে ‘আমি তাকে সুসংবাদ দিলাম একজন সহনশীল পুত্রের’ (আয়াত-১০১)-এর দ্বারা যে পুত্রের সুসংবাদ দেওয়া হয়েছে, তিনি ইসহাক ছাড়া অন্য কেউ। তাছাড়া হযরত ইসহাক সম্পর্কে সুসংবাদ দানকালে তাকে নবী বানানোরও সুসংবাদ দেওয়া হয়েছে এবং সূরা হুদে সেই সঙ্গে পৌত্র হযরত ইয়াকুবের জন্মেরও সুসংবাদ রয়েছে। এ অবস্থায় কী করে ধারণা করা যায় যে, যাবীহ (যাকে যবাহের প্রস্তুতি নেওয়া হয়েছিল, তিনি) ছিলেন ইসহাক? তাহলে তো তার অর্থ দাঁড়ায় নবী বানানো ও ইয়াকুবের পিতা হওয়ার আগেই তাকে যবাহ করে দেওয়া হবে।
কাজেই এটা অনস্বীকার্য যে, যাবীহ হযরত ইসমাঈল (আ.)-ই, অন্য কেউ নন, যার জন্মের সুসংবাদ দানের সাথে নবী বানানো ও সন্তান দানের সুসংবাদ দেওয়া হয়নি, যদিও পরবর্তীকালে তিনি উভয়ই লাভ করেছিলেন। আর যাবীহ যেহেতু ছিলেন তিনি সে কারণেই তাঁর কুরবানীর স্মারকরূপে কুরবানী দানের প্রথা বরাবর তাঁরই বংশধরদের মধ্যে চলে আসছে এবং আজও এ প্রথা তাঁর রূহানী সন্তান তথা মুসলিমগণই পালন করে যাচ্ছে।
বর্তমান তাওরাতে স্পষ্ট আছে, কুরবানীর স্থান ছিল মূরা বা ‘মুরয়া’। ইয়াহুদী ও খ্রিস্টানগণ টেনে কষে এর বিভিন্ন সম্ভাবনা বের করার চেষ্টা করেছে, অথচ এটা অতি পরিষ্কার যে, শব্দটি পবিত্র কাবা সংলগ্ন ‘মারওয়া’কেই নির্দেশ করে...। তাওরাতে আরও আছে, হযরত ইবরাহীম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হয়েছিল, তিনি যেন তার একমাত্র পুত্রকে যবাহ করেন। দু’ পুত্রের মধ্যে হযরত ইসমাঈল ছিলেন বড়, ইসহাক ছোট। হযরত ইসমাঈলের বর্তমানে হযরত ইসহাক একমাত্র পুত্র নন যে, আমরা তাকে যাবীহ সাব্যস্ত করব। যবাহকালে হযরত ইসমাঈল ছিলেন হযরত ইবরাহীম (আ.)-এর একমাত্র পুত্র। সুতরাং সর্ব বিচারে তিনিই যাবীহ -অনুবাদক, তাফসীরে উসমানী অবলম্বনে]।