নিশ্চয়ই আমি মূসাকে কিতাব দিয়েছিলাম। সুতরাং (হে রাসূল!) তুমি তার সাক্ষাত সম্পর্কে কোন সন্দেহে থেকো না। ১২ আমি সে কিতাবকে বনী ইসরাঈলের জন্য বানিয়েছিলাম পথ-নির্দেশ।
তাফসীরে মুফতি তাকি উসমানী
১২. ‘তুমি তার সাক্ষাত সম্বন্ধে কোন সন্দেহে থেকো না’ এ কথাটির বিভিন্ন ব্যাখ্যা হতে পারে, যথা (ক) হযরত মুসা আলাইহিস সালাম যে তাওরাতের সাক্ষাত পেয়েছিলেন অর্থাৎ তাওরাত প্রাপ্ত হয়েছিলেন সে বিষয়ে সন্দেহ করো না। (খ) হযরত মুসা আলাইহিস সালামকে যেমন কিতাব দেওয়া হয়েছিল, তেমনি তোমাকেও কিতাব দেওয়া হয়েছে। সুতরাং এ কিতাব যে তুমি আল্লাহ তাআলার পক্ষ হতে লাভ করেছ সে বিষয়ে কোন সন্দেহ করো না। আর তুমি যখন কিতাবপ্রাপ্ত রাসূল তখন কাফেরগণ কী বলে না বলে তা নিয়ে পেরেশান হয়ো না, তাতে ব্যথিত হয়ো না। (গ) কাফেরগণ যে অবশ্যই শাস্তিপ্রাপ্ত হবে সে বিষয়ে সন্দেহ করো না। [(ঘ) মিরাজের রাতে তুমি যে মুসার সাক্ষাত লাভ করেছিলে, তা বাস্তব সত্য। সে বিষয়ে সন্দেহ করো না। -অনুবাদক]