(হে নবী!) তাদেরকে বল, হে মানুষ! তোমরা যদি আমার দীন সম্পর্কে কোনও সন্দেহে থাক, তবে (শুনে রাখ) তোমরা আল্লাহ ছাড়া যাদের ইবাদত কর আমি তাদের ইবাদত করি না; বরং আমি আল্লাহর ইবাদত করি, যিনি তোমাদের প্রাণ সংহার করেন। ৫৪ আর আমাকে হুকুম দেওয়া হয়েছে, আমি যেন মুমিনদের অন্তর্ভুক্ত থাকি।
তাফসীরে মুফতি তাকি উসমানী
৫৪. অর্থাৎ আমি আল্লাহর ইবাদত এজন্য করি যে, প্রাণ সংহারসহ সব রকম উপকার ও অপকার করার ক্ষমতা কেবল তাঁরই আছে। কাজেই যে দীন সেই আল্লাহর ইবাদত করতে শেখায় তার বিশুদ্ধতা সম্পর্কে সন্দেহ করা উচিত নয়। বরং তোমাদের নিজেদের সম্পর্কেই তোমাদের সন্দিহান থাকা উচিত, যেহেতু তা তোমাদেরকে এমন দেব-দেবীর পূজা-অর্চনায় লিপ্ত করছে, যাদের কোনো উপকার-অপকার করার ক্ষমতা নেই। আর তা নেই বলেই আমি তাদের ইবাদত করি না। -অনুবাদক