আল মুসনাদুস সহীহ- ইমাম মুসলিম রহঃ
১৩- যাকাতের অধ্যায়
হাদীস নং: ২২১৮
আন্তর্জাতিক নং: ১০১৫
- যাকাতের অধ্যায়
১৪. হালাল উপার্জন থেকে সাদ্কা গৃহীত হওয়া ও তার পরিচর্যা
২২১৮। আবু কুরায়ব মুহাম্মাদ ইবনুল আ’লা (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, হে লোক সকল! আল্লাহ পবিত্র। তিনি পবিত্র ছাড়া অন্য কিছু গ্রহণ করে না।আল্লাহ তাআলা মুমিনদেরকে সেই আদেশ করেছেন, যে আদেশ করেছেন তিনি রাসুলগণকে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ″হে রাসুলগণ! তোমরা পবিত্র বস্তু হতে আহার কর ও সৎকর্ম কর, তোমরা যা কর, সে সম্বন্ধে আমি অবহিত।″ (সূরা মু’মিনুনঃ ৫১) তিনি আরো ইরশাদ করেছেন, ″হে মুমিনগণ! তোমাদেরকে আমি যে সব পবিত্র বস্তু দিয়েছি, তা থেকে আহার কর।″ (সূরা বাকারাঃ ১৭২)
এরপর নবী (ﷺ) এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে, দীর্ঘ সফর করে, যার এলোমেলো চুল ধুলায় ধুসরিত সে আকাশের দিকে দু’হাত তুলে বলে, হে আমার প্রতিপালক! হে আমার প্রতিপালক! অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক-পরিচ্ছদ হারাম এবং তাঁর শরীর গঠিত হয়েছে হারামে। অতএব, তাঁর দুআ কিভাবে কবুল করা হবে?
এরপর নবী (ﷺ) এক ব্যক্তির কথা উল্লেখ করলেন যে, দীর্ঘ সফর করে, যার এলোমেলো চুল ধুলায় ধুসরিত সে আকাশের দিকে দু’হাত তুলে বলে, হে আমার প্রতিপালক! হে আমার প্রতিপালক! অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক-পরিচ্ছদ হারাম এবং তাঁর শরীর গঠিত হয়েছে হারামে। অতএব, তাঁর দুআ কিভাবে কবুল করা হবে?
كتاب الزكاة
باب قَبُولِ الصَّدَقَةِ مِنَ الْكَسْبِ الطَّيِّبِ وَتَرْبِيَتِهَا
وَحَدَّثَنِي أَبُو كُرَيْبٍ، مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ مَرْزُوقٍ، حَدَّثَنِي عَدِيُّ بْنُ ثَابِتٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَيُّهَا النَّاسُ إِنَّ اللَّهَ طَيِّبٌ لاَ يَقْبَلُ إِلاَّ طَيِّبًا وَإِنَّ اللَّهَ أَمَرَ الْمُؤْمِنِينَ بِمَا أَمَرَ بِهِ الْمُرْسَلِينَ فَقَالَ ( يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ) وَقَالَ ( يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ) " . ثُمَّ ذَكَرَ الرَّجُلَ يُطِيلُ السَّفَرَ أَشْعَثَ أَغْبَرَ يَمُدُّ يَدَيْهِ إِلَى السَّمَاءِ يَا رَبِّ يَا رَبِّ وَمَطْعَمُهُ حَرَامٌ وَمَشْرَبُهُ حَرَامٌ وَمَلْبَسُهُ حَرَامٌ وَغُذِيَ بِالْحَرَامِ فَأَنَّى يُسْتَجَابُ لِذَلِكَ " .
হাদীসের ব্যাখ্যা:
হাদীসের উদ্দেশ্য ও আহ্বান এই যে, আল্লাহ তা'আলা পবিত্র এবং তিনি সেই সাদকা ও মানত কবুল করেন যা পবিত্র মাল থেকে করা হয়। এরপর বলা হয়েছে, হারাম মাল থেকে বেঁচে থাকা এবং কেবল হালাল গ্রহণের নির্দেশ। আল্লাহর সেই নির্দেশ যা সব মুমিনগণের নেয় সব নবীগণকেও প্রদান করা হয়েছিল। সুতরাং প্রত্যেক মুমিনের উচিত যে আল্লাহ প্রদত্ত এই নির্দেশের গুরুত্ব অনুধাবন করে সর্বদা সে অনুযায়ী কাজ করে যাবে। এতদপ্রসঙ্গে রাসুলুল্লাহ ﷺ এটাও বলেছেন যে, হারাম মাল এতই অপবিত্র ও অশুভ যে, যদি কোন ব্যক্তি আপাদমস্তক দরবেশ কৃপাযোগ্য ফকীর হয়ে কোন পবিত্র স্থানে গিয়ে দু'আ করে অথচ তার পানাহার ও পোশাক হারাম অর্থ দ্বারা তৈরী তবে তার দু'আ কবুল হবে না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)