আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৮৩- তাওহীদ অধ্যায় ও জাহমিয়্যাসহ ভ্রান্ত দলগুলোর অপনোদন

হাদীস নং: ৭০৫৩
আন্তর্জাতিক নং: ৭৫৬৩
- তাওহীদ অধ্যায় ও জাহমিয়্যাসহ ভ্রান্ত দলগুলোর অপনোদন
৩১৬০. আল্লাহ তাআলার বাণীঃ কিয়ামত দিবসে আমি স্থাপন করব ন্যায়বিচারের মানদণ্ড (২১ঃ ৪৭)। আদম সন্তানদের আমল ও কথা পরিমাপ করা হবে। মুজাহিদ (রাহঃ) বলেন, রুমীদের (ইটালীয়দের) ভাষায় الْقُسْطَاسُ অর্থ ন্যায় ও ইনসাফ। الْمُقْسِطِ এর শব্দমূল হল الْقِسْطُ, الْمُقْسِطِ অর্থ ন্যায়পরায়ণ। অপরদিকে الْقَاسِطُ এর অর্থ (কিন্তু) জালিম।
৭০৫৩। আহমদ ইবনে ইশকাব (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ দুটি কালেমা (বাণী) রয়েছে, যেগুলো দয়াময় আল্লাহর কাছে অতি প্রিয়, উচ্চারণে খুবই সহজ, (আমলের) পাল্লায় অত্যন্ত ভারী। (বাণী দু’টি হচ্ছেঃ) ″সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম″ আমরা আল্লাহ তাআলার প্রশংসাসহ তাঁর পবিত্রতা ঘোষণা করছি, মহান আল্লাহ অতীব পবিত্র।
كتاب الرد على الجهمية و غيرهم و التوحيد
باب قَوْلِ اللَّهِ تَعَالَى {وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ} وَأَنَّ أَعْمَالَ بَنِي آدَمَ وَقَوْلَهُمْ يُوزَنُ وَقَالَ مُجَاهِدٌ الْقُسْطَاسُ الْعَدْلُ بِالرُّومِيَّةِ وَيُقَالُ الْقِسْطُ مَصْدَرُ الْمُقْسِطِ وَهُوَ الْعَادِلُ وَأَمَّا الْقَاسِطُ فَهُوَ الْجَائِرُ
حَدَّثَنِي أَحْمَدُ بْنُ إِشْكَابٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلٍ، عَنْ عُمَارَةَ بْنِ الْقَعْقَاعِ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " كَلِمَتَانِ حَبِيبَتَانِ إِلَى الرَّحْمَنِ، خَفِيفَتَانِ عَلَى اللِّسَانِ، ثَقِيلَتَانِ فِي الْمِيزَانِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ، سُبْحَانَ اللَّهِ الْعَظِيمِ " .

হাদীসের ব্যাখ্যা:

উক্ত দু'টি কালিমা রসনার জন্যে হাল্কা হওয়ার ব্যাপারটি তো সুস্পষ্ট, আল্লাহ তা'আলার নিকট প্রিয় হওয়ার ব্যাপারটিও সহজেই বোধগম্য, কিন্তু আমলনামা ওজনের পাল্লায় ভারী হওয়ার ব্যাপারটা হয় তো অনেকে সহজভাবে বুঝে উঠতে পারবেন না। আসল ব্যাপার হচ্ছে, যেভাবে বস্তুজগতের বস্তুনিচয় হাল্কা ও ভারী হয়ে থাকে এবং এগুলো পরিমাপের জন্যে পাত্র বা যন্ত্র থাকে, এগুলোই সেগুলোর পরিমাপক। উদাহরণ স্বরূপ শীতাতপ পরিমাপের কথা ধরা যেতে পারে। এগুলো যদিও কোন বস্তু নয়, বস্তুর অবস্থা বিশেষ; কিন্তু এতদসত্ত্বেও এগুলো পরিমাপের জন্যে থার্মোমিটার রয়েছে। অনুরূপভাবে কিয়ামতের দিন আল্লাহর নামের ওজন হবে। যিকিরের কালিমাসমূহের ওজন হবে। তিলাওয়াতে কুরআনের ওজন হবে। সালাতের ওজন হবে। ঈমান এবং আল্লাহ ভীতি ও তাঁর প্রতি ভালবাসার ওজন হবে। সে সময় এ ব্যাপারটি বোধগম্য হবে যে, অনেক ছোট ও হাল্কা বস্তুও সীমাহীন ওজনদার হবে। অপর এক হাদীসে হুযুর ﷺ ফরমান :

لَا يَزِنُ مَعَ اسْمِ اللّٰهِ شَيْئٌ

"আল্লাহর নামের সাথে আর কিছুই ওজনে সমান হবে না।"

এই কালিমা سُبْحَانَ اللّٰهِ وَبِحَمْدِهٖ سُبْحَانَ اللّٰهِ الْعَظِيْمِ এর অর্থ হচ্ছে, আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, তাঁর স্তবস্তুতির সাথে আমি আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি- যিনি অনেক বড় ও মহান।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)