আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৯- আযান-ইকামতের অধ্যায়
হাদীস নং: ৬৩৩
আন্তর্জাতিক নং: ৬৬৬
- আযান-ইকামতের অধ্যায়
৪৩২। বৃষ্টি এবং অন্য কোন ওযরে নিজ আবাসে নামায আদায়ের অনুমতি।
৬৩৩। আব্দুল্লাহ ইবনে ইউসুফ (রাহঃ) ......... নাফি’ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ইবনে উমর (রাযিঃ) একবার প্রচন্ড শীত ও বাতাসের রাতে নামাযের আযান দিলেন। তারপর ঘোষণা দিলেন, প্রত্যেকেই নিজ নিজ আবাসে নামায আদায় করে নাও, এরপর তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রচণ্ড শীত ও বৃষ্টির রাত হলে মুয়াযযিনকে এ কথা বলার নির্দেশ দিতেন - প্রত্যেকে নিজ নিজ আবাসে নামায আদায় করে নাও।
كتاب الأذان
باب الرُّخْصَةِ فِي الْمَطَرِ وَالْعِلَّةِ أَنْ يُصَلِّيَ فِي رَحْلِهِ
666 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ نَافِعٍ، أَنَّ ابْنَ عُمَرَ، أَذَّنَ بِالصَّلاَةِ فِي لَيْلَةٍ ذَاتِ بَرْدٍ وَرِيحٍ، ثُمَّ قَالَ: أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ، ثُمَّ قَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْمُرُ المُؤَذِّنَ إِذَا كَانَتْ لَيْلَةٌ ذَاتُ بَرْدٍ وَمَطَرٍ، يَقُولُ: «أَلاَ صَلُّوا فِي الرِّحَالِ»
হাদীসের ব্যাখ্যা:
বিভিন্ন হাদীসে যে শীত ও বাতাসের রাতের কথা বলা হয়েছে, তার দ্বারা প্রচণ্ড শীত ও ঝড়ো বাতাস বুঝানো হয়েছে। এমনিভাবে যদি এরূপ প্রবল বৃষ্টি হয় যাতে মসজিদে পর্যন্ত পৌঁছতে ভিজে যাওয়ার আশংকা দেখা দেয় অথবা রাস্তায় পানি, কাদা থাকে বা পথ পিচ্ছিল হয়ে যায় এমতাবস্থায়ও নিজ ঘরে সালাত আদায়ের অনুমতি রয়েছে। এসব অবস্থায় সালাত আদায়ের জন্য মসজিদে যাওয়া জরুরী নয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)