আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৬৩১
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর গোশ্‌ত খাওয়ার বর্ণনা
৬৩১। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ)-এর নিকট হাড়যুক্ত গোশতের মধ্যে বক্‌রীর সামনের হাতার গোশ্‌তই ছিলো অতি প্রিয়। তাই আমরা দেখেছি যে, বক্‌রীর সামনের হাতার উপরাংশে বিষ মিশ্রিত করা হয়েছিল। আমরা দেখেছি যে, ইয়াহূদীরাই তাঁকে বিষ খাইয়েছিলো।
أبواب الكتاب
مَا رُوِيَ فِي أَكْلِهِ اللَّحْمَ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
631 - حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ عَبْدُ الْكَرِيمِ، نَا أَبْو زُرْعَةَ، نَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ، نَا زُهَيْرٌ، نَا أَبُو إِسْحَاقَ، عَنْ سَعِيدٍ أَوْ سَعْدِ بْنِ عِيَاضٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: كَانَ أَحَبُّ الْعُرَاقِ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذِرَاعَ الشَّاةِ، وَكُنَّا نَرَاهُ سُمَّ فِيٍ ذِرَاعِ الشَّاةِ، وَكُنَّا نَرَى الْيَهُودَ هُمُ الَّذِينَ سَمُّوهُ

হাদীসের ব্যাখ্যা:

উল্লেখিত হাদীসসমূহ থেকে জানা যায় যে, গোশ্‌তযুক্ত খাদ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট অধিক প্রিয় ছিলো। আবার গোশতের মধ্যে এক অংগের গোশ্‌ত অপর অংগের গোশ্‌তের চেয়ে তাঁর নিকট বেশি প্রিয় ছিলো। কোন বর্ণনায় এসেছে যে, পিঠের গোশ্‌ত তাঁর প্রিয় ছিলো এবং কোন বর্ণনায় এসেছে, ছাগলের গোশ্‌তের ক্ষেত্রে সামনের হাতার গোশ্‌ত তাঁর অত্যধিক প্রিয় ছিলো।
এই প্রসংগে ইব্‌ন মাসঊদ (রা) বর্ণিত উপরোক্ত হাদীসে একটি ঘটনার প্রতিও ইংগিত করা হয়েছে। সহীহ্ বুখারীতে হযরত আবূ হুরায়রা (রা)-এর সূত্রে বর্ণিত আছে যে, খায়বার বিজিত হলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বিষ মিশ্রিত বক্‌রীর গোশ্‌ত হাদিয়া দেওয়া হয়েছিলো। আল্লামা ইব্‌ন হাজার আসকালানী (র) ইব্‌ন ইসহাকের বরাতে ‘ফাতহুল বারী’ গ্রন্থে লিখেছেন যে, খায়বার এলাকা বিজয়ের পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে ইয়াহুদী সালাম ইব্‌ন মিশকামের স্ত্রী এবং হারিসের কন্যা যায়নাব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জন্য বিষ মিশ্রিত করে বক্‌রীর ভুনা গোশ্‌ত পাঠায়। সে পূর্বেই জেনে নিয়েছিল যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্‌রীর সামনের বাহুর গোশ্‌ত অধিক পছন্দ করেন। তাই সে বাহুর গোশতেই বিষ মেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে খেতে দিয়েছিল (ফাতহুল বারী, ৭ম খণ্ড, পৃষ্ঠা-৪৯৭)।