আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৫০৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর ঘুমের সময়কার আমল
৫০৩। হযরত বারা’আ ইব্‌ন আযিব (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন ঘুমানোর ইচ্ছা করতেন তখন বলতেনঃ “হে আল্লাহ্! তোমার নাম নিয়েই জীবন লাভ করি এবং মৃত্যুবরণ করি।” ভোরে ঘুম থেকে জেগে অথবা বিছানা ত্যাগকালে তিনি বলতেনঃ “সেই আল্লাহ্ তাআলার জন্য সমস্ত প্রশংসা, যিনি আমাদের মৃত্যুর পর পুনরায় জীবন দান করেছেন এবং তাঁর নিকটই আমাদের ফিরে যেতে হবে।”
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
503 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ الْجَعْدِ الرُّشَا، نَا إِسْحَاقُ بْنُ بُهْلُولٍ، نَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ، عَنْ شُعْبَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي السَّفَرِ، قَالَ: سَمِعْتُ أَبَا بَكْرِ بْنِ أَبِي مُوسَى يُحَدِّثُ عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، أَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ، قَالَ: بِاسْمِكَ أَحْيَا، وَبِاسْمِكَ أَمُوتُ. وَإِذَا أَصْبَحَ، أَوْ قَامَ مِنْ فِرَاشِهِ، قَالَ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَانَا بَعْدَ مَا أَمَاتَنَا وَإِلَيْهِ النُّشُورُ

হাদীসের ব্যাখ্যা:

এই হাদীসগুলোতে উল্লেখিত দু’আ নিয়মিত পাঠ করলে তা প্রভূত কল্যাণ ও প্রাচুর্য লাভের কারণ হবে। বান্দা ঘুমানোর সময় তার মনিব ও মাওলার নাম স্মরণ করে ঘুমাবে এবং ঘুম থেকে জাগ্রত হয়েও তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে যে, তিনি তাকে এক নতুন জীবন দান করেছেন, এটাই হলো ইবাদত। নিদ্রা মৃত্যুর প্রতীক, ঘুমন্ত ব্যক্তি ও মৃত ব্যক্তির মধ্যে কোন পার্থক্য থাকে না। তাই নিদ্রাকে মৃত্যুর ক্ষুদ্র সংস্করণ বলা হয়। দু’আ শব্দগুলোর মধ্যে এই দিকে ইংগিত রয়েছেঃ হে আল্লাহ্! আমি তোমার নাম স্মরণ করেই জীবিত হচ্ছি অর্থাৎ ঘুম থেকে উঠছি এবং তোমার নাম স্মরণ করেই মরছি অর্থাৎ ঘুমাচ্ছি। আমার শয়ন, জাগরণ, জীবন, মৃত্যু সবই তোমার জন্য নিবেদিত। তাই ঘুম থেকে উঠে যে দু’আ পাঠ করা হয় তার বক্তব্য হলোঃ সেই মহান সত্তার জন্য সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে মৃত্যুর পর পুনরায় জীবন দান করেছেন। কুরআন মজীদে ইরশাদ হয়েছেঃ ان صلاتى ونسكى ومحياى ومماتى لله رب العلمين “বলঃ আমার সালাত, আমার ইবাদত (কুরবানী ও হজ্জ) আমার জীবন ও আমার মরণ জগতসমূহের প্রতিপালক আল্লাহ্‌র জন্য” (সূরা আনআমঃ ১৬২)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান