আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৪৮৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর বিছানার বর্ণনা
৪৮৩। আব্দুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন আমি আমার খালা উম্মুল মু’মিনীন মায়মূনা (রা)-এর ঘরে মেহমান হলাম। সেই সময় তিনি (ঋতুমতী হওয়ার কারণে) সালাত পড়তেন না। রাতে তিনি একটি কম্বল এনে নবী (ﷺ)-এর বিছানা হিসেবে মাটিতে বিছিয়ে নিলেন। অতপর বালিশ এনে বিছানার মাথার দিকে রাখলেন এবং লাল রংের একখানা পশমী চাদর এনে সেটিও বিছানার মাথার দিকে রাখলেন। তারপর নিজে চাদর গায়ে দিয়ে শুয়ে পড়লেন। তিনি তাঁর পাশেই আমার জন্য একটা বিছানা পাতলেন। এরপর নবী (ﷺ) এশার সালাত শেষে ঘরে প্রবেশ করলেন এবং তাঁর বিছানার মাথার দিক থেকে একখানা কাপড় নিয়ে লুঙ্গির মত করে পরিধান করলেন, নিজের কামিজ ও ইযার খুলে খুঁটির মাথায় লটকিয়ে রাখলেন এবং মায়মূনা (রা)-এর লেপের মধ্যেই শুয়ে পড়লেন । তারপর শেষ রাতে উঠলেন এবং লটকিয়ে রাখা পানির মশক নিয়ে ঝাঁকুনি দিলেন আর পানি দিয়ে ওযূ করতে শুরু করলেন। আমার মন চাচ্ছিল আমি উঠে গিয়ে পানি ঢেলে তাঁকে ওযু করিয়ে দেই। কিন্তু আমি এতক্ষণ জেগে ছিলাম তা তিনি জেনে ফেলবেন সে কারণে আমার ওঠা পছন্দ হলো না। ওযূ শেষে তিনি বিছানায় ফিরে আসলেন, লুঙ্গি খুলে নিজের কাপড় পরিধান করলেন এবং জায়নামাযে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়তে শুরু করলেন। তখন আমিও উঠে ওযূ করে তাঁর বাঁ পাশে গিয়ে দাঁড়ালে তিনি তাঁর হাত দিয়ে আমাকে ধরে পেছন দিক দিয়ে ঘুরিয়ে এঁনে ডান পাশে দাঁড় করালেন এবং সালাত পড়তে থাকলেন। আমিও তাঁর সাথে তের রাকআত সালাত পড়লাম। এরপর তিনি বসে পড়লে আমিও তাঁর পাশে বসে পড়লাম। (ঘুমের প্রভাবে ) তিনি আমার মুখের দিকে মুখ করে এতটা ঝুঁকে পড়লেন যে, আমি ঘুমন্ত ব্যক্তির শব্দের মত শব্দ শুনতে পাচ্ছিলাম। ইতিমধ্যে হযরত বিলাল (রা) এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ্! সালাত প্রস্তুত। তখন তিনি উঠে মসজিদে গেলেন। মসজিদে প্রবেশ করেই তিনি দুই রাকআত (সুন্নত) পড়তে শুরু করলেন। হযরত বিলাল (রা) তখন ফজর সালাতের ইকামাত শুরু করলেন।
أبواب الكتاب
ذِكْرُ فِرَاشِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا عَبْدُ اللَّهِ بْنُ بَكَّارٍ، نَا مُحَمَّدُ بْنُ ثَابِتٍ، نَا جَبَلَةُ بْنُ عَطِيَّةَ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: تَضَيَّفْتُ مَيْمُونَةَ، وَهَيَ خَالَتِي وَهِيَ حِينَئِذٍ لَا تُصَلِّي، فَجَاءَتْ بِكِسَاءٍ، ثُمَّ طَرَحَتْهُ، وَفَرَشَتْهُ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ جَاءَتْ بِنُمْرُقَةٍ، فَطَرَحَتْهَا عِنْدَ رَأْسِ الْفِرَاشِ، ثُمَّ جَاءَتْ بِكِسَاءٍ أَحْمَرَ، فَطَرَحْتُهُ عِنْدَ رَأْسِ الْفِرَاشِ، ثُمَّ اضْطَجَعَتْ وَمَدَّتِ الْكِسَاءَ عَلَيْهَا، وَبَسَطَتْ لِي بِسَاطًا إِلَى جَنْبِهَا، وَتَوَسَّدْتُ مَعَهَا عَلَى وِسَادَتِهَا، ثُمَّ جَاءَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ صَلَّى الْعِشَاءَ الْأَخِيرَةَ، فَانْتَهَى إِلَى الْفِرَاشِ فَأَخَذَ خِرْقَةً عِنْدَ رَأْسِ الْفِرَاشِ، فَأَتَّزِرُ بِهَا، وَخَلَعَ ثَوْبَيْهِ فَعَلَّقَهُمَا، ثُمَّ دَخَلَ مَعَهَا فِي لِحَافِهَا، حَتَّى إِذَا كَانَ فِي آخِرِ اللَّيْلِ، قَامَ إِلَى سِقَاءٍ مُعَلَّقٍ فَحَرَّكَهُ، ثُمَّ تَوَضَّأَ مِنْهُ، فَهَمَمْتُ أَنْ أَقُومَ، فَأَصُبَّ عَلَيْهِ، ثُمَّ كَرِهْتُ أَنْ يَرَى أَنَّنِي كُنْتُ مُسْتَيْقِظًا، فَجَاءَ إِلَى الْفِرَاشِ، فَأَخَذَ ثَوْبَيْهِ، وَخَلَعَ الْخِرْقَةَ، ثُمَّ قَامَ إِلَى الْمَسْجِدِ، فَقَامَ يُصَلِّي، فَقُمْتُ، وَتَوَضَّأَتُ، ثُمَّ جِئْتُ، فَقُمْتُ عَلَى يَسَارِهِ، فَتَنَاوَلَنِي بِيَدِهِ مِنْ وَرَائِهِ فَأَقَامَنِي عَنْ يَمِينِهِ، فَصَلَّى، وَصَلَّيْتُ مَعَهُ ثَلَاثَ عَشْرَةَ رَكْعَةً، ثُمَّ جَلَسَ، فَجَلَسْتُ إِلَى جَنْبِهِ، فَأَصْغَى بِخَدِّهِ إِلَى خَدِّي، حَتَّى سَمِعْتُ نَفَسَ النَّائِمِ، ثُمَّ جَاءَ بِلَالٌ، فَقَالَ: الصَّلَاةَ يَا رَسُولَ اللَّهِ؛ فَقَامَ إِلَى الْمَسْجِدِ، فَدَخَلَ الْمَسْجِدَ فَأَخَذَ فِي الرَّكْعَتَيْنِ، وَأَخَذَ بِلَالٌ فِي الْإِقَامَةِ
হাদীসের ব্যাখ্যা:
উম্মুল মু’মিনীন হযরত মায়মূনা (রা) ছিলেন হযরত আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রা)-এর খালা । হযরত আবদুল্লাহ্ ইব্ন আব্বাস (রা) তাঁর পিতা হযরত আব্বাসের ইংগিতে খালার ঘরে একটি রাত কাটানোর জন্য গেলেন। যাতে তিনি রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর রাতের আমলসমূহ দেখতে এবং তিনি রাতে কখন জেগে ওঠেন এবং কি পরিমাণ সালাত পড়েন তা জানতে পারেন। এ হাদীসে যেহেতু রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বিছানার বর্ণনা আছে তাই গ্রন্থকার হাদীসটি এখানে বর্ণনা করেছেন।