ফিকহুস সুনান ওয়াল আসার
১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
হাদীস নং: ২০৫৪
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
শর্তের এখতিয়ার
(২০৫৪) ইবন উমার রা. বলেন, হাব্বান ইবন মুনকিয রা. একজন দুর্বল মানুষ ছিলেন । তিনি তার মাথায় মারাত্মক আঘাত পেয়েছিলেন যা তার মস্তিষ্ক আহত করেছিল। এজন্য রাসূলুল্লাহ (ﷺ) তিনি যা কিছু ক্রয় করবেন সে বিষয়ে তার জন্য তিন দিনের স্বাধীনতা দিয়েছিলেন (তাকে নির্দেশ দিয়েছিলেন, তুমি যা কিছু ক্রয় করবে সে সময়ে বিক্রেতার শর্ত করবে যে, তিন দিনের মধ্যে ক্রয়চুক্তি বাতিল করে দ্রব্য ফেরত দিতে পারব)
كتاب البيوع
عن ابن عمر رضي الله عنهما قال: كان حبان بن منقذ رضي الله عنه رجلًا ضعيفا وكان قد سفع في رأسه مأمومة فجعل له رسول الله صلى الله عليه وسلم الخيار ثلاثة أيام فيما اشترى (ثلاثا)... الحديث.
হাদীসের তাখরীজ (সূত্র):
শাফিয়ি, আহমাদ, ইবন খুযাইমা ও ইবনুল জারূদ সহীহ সনদে হাদীসটি উদ্ধৃত করেছেন। ইবন মাজাহ, দারাকুতনি ও ইবন আবী শাইবা হাব্বান ইবন মুনকিযের পৌত্র মুহাম্মাদ ইবন ইয়াহইয়া ইবন হাব্বান থেকে মুরসাল বা বিচ্ছিন্ন সনদে হাদীসটি উদ্ধৃত করেছেন। এই মুহাম্মাদ তার দাদা হাব্বানকে দেখেন নি বা তার থেকে কোনো হাদীস শিক্ষা করেন নি। তার ও তার দাদার মাঝের বর্ণনাকারীর নামোল্লেখ না করায় হাদীসটির সনদ বিচ্ছিন্ন। তবে বাকি রাবীগণ নির্ভরযোগ্য। তাবারানি ও দারাকুতনি হাসান সনদে ইবন উমার রা. থেকে রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনুরূপ অর্থে একটি হাদীস উদ্ধৃত করেছেন। [মুনতাকা ইবনুল জারূদ, হাদীস-৫৬৭: সুনান দারাকুতনি, হাদীস-৩০০৮; মুস্তাদরাক হাকিম, হাদীস-২২০১; সুনান ইবন মাজাহ, হাদীস-২৩৫৫; যাইলায়ি, নাসবুর রায়াহ ৪/৬-৭]