ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৫১
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
বৈঠকের এখতিয়ার
(২০৫১) আব্দুল্লাহ ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ক্রেতা-বিক্রেতা উভয়েরই এককভাবে অন্যের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্রয় চুক্তি বাতিল করার এখতিয়ার বা স্বাধীনতা থাকবে যতক্ষণ তারা পরস্পরে বিচ্ছিন্ন না হবে। তবে যদি তারা বিক্রয় চুক্তির সাথেই তাদের চূড়ান্ত সিদ্ধান্ত উল্লেখ করেন তবে সেক্ষেত্রে আর উভয়ের কারো চুক্তি পরিবর্তনের স্বাধীনতা থাকবে না।
كتاب البيوع
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: البيعان كل واحد منهما بالخيار على صاحبه ما لم يتفرقا إلا بيع الخيار

হাদীসের তাখরীজ (সূত্র):

[ সহীহ বুখারি, হাদীস-২১১১; সহীহ মুসলিম, হাদীস-১৫৩১; সুনান আবু দাউদ, হাদীস-৩৪৫৪; সুনান তিরমিযি, হাদীস-১২৪৫; সুনান নাসায়ি, হাদীস-৪৪৬৫]

হাদীসের ব্যাখ্যা:

উদ্দেশ্য এই যে, যদি কোন পক্ষ হতেই ক্রয়-বিক্রয় বাতিল করার শর্তযুক্ত না করা হয় তবে ক্রয়-বিক্রয় বাতিল করার ক্ষমতা কেবল তখন পর্যন্ত থাকে যতক্ষণ উভয় পক্ষ পৃথক না হয়।

ইমাম শাফিঈ ও তাঁর সাথে ঐকমত্য পোষণকারী উলামা আলোচ্য হাদীসের শব্দ مَا لَمْ يَتَفَرَّقا দ্বারা খিয়ারে মজলিস বুঝেছেন। আর ইমাম আবু হানীফা (র) প্রমুখের নিকট এর অর্থ হচ্ছে- যতক্ষণ পর্যন্ত কথাবার্তা সম্পূর্ণ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত প্রত্যেক পক্ষের ক্ষমতা রয়েছে অগ্রিম ফিরিয়ে নেবে। এরপর বাতিল করার কারো ক্ষমতা থাকবে না। তিনি «يَتَفَرَّقًا» শব্দ দ্বারা বিক্রয়স্থল থেকে পৃথক হওয়া নয় বরং লেনদেন ও কথাবার্তা থেকে পৃথক হওয়া ও সরে যাওয়া বুঝেছেন। যেমন কুরআন মজীদে এ শব্দই অনুরূপ অর্থে وَإِنْ يَتَفَرَّقَا يُغْنِ اللَّهُ كُلًّا مِنْ سَعَتِهِ তালাকের বিষয়ে ব্যবহৃত করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)