ফিকহুস সুনান ওয়াল আসার

১৫. নিখোঁজ স্বামীর বিধানাবলি

হাদীস নং: ১৯৮৭
নিখোঁজ স্বামীর বিধানাবলি
স্বামী হারানো স্ত্রী তার বিষয় প্রশাসক/বিচারকের নিকট পেশ করার পরে চারবছর অপেক্ষা করবেন এবং এরপর ইদ্দত পালন করে অন্যত্র বিবাহ করতে পারবেন
(১৯৮৭) সায়ীদ ইবনুল মুসাইয়িব বলেন, উমার ইবনুল খাত্তাব রা. বলেছেন, যদি কোনো মহিলার স্বামী নিখোঁজ হয়ে যায়, সে কোথায় আছে তা তার স্ত্রী জানতে না পারে, তবে সেই স্ত্রী চারবছর অপেক্ষা করবে। এরপর সে চারমাস দশদিন ইদ্দত পালন করবে। এরপর অন্যত্র বিবাহ করা তার জন্য বৈধ হবে।
كتاب المفقود
عن سعيد بن المسيب أن عمر بن الخطاب رضي الله عنه قال: أيما امرأة فقدت زوجها فلم تدر أين هو فإنها تنتظر أربع سنين ثم تعتد أربعة أشهر وعشرا ثم تحل

হাদীসের তাখরীজ (সূত্র):

(মালিক সহীহ সনদে)। [মুআত্তা মালিক, হাদীস-১৬৫০; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১৫৫৬৬]
আব্দুর রাযযাক, সায়ীদ ইবন মানসুর ও ইবন আবী শাইবা বিভিন্ন সহীহ সনদে উমার রা.র এই মতটি সঙ্কলন করেছেন। আব্দুর রাযযাক সহীহ সনদে অনুরূপ মতামত উসমান রা. থেকে সঙ্কলন করেছেন। সায়ীদ ইবন মানসুর সহীহ সনদে একই মতামত ইবন উমার রা. ও ইবন আব্বাস রা. থেকে সঙ্কলন করেছেন। আব্দুর রাযযাক তাবিয়ি মুজাহিদের সূত্রে উদ্ধৃত করেছেন যে, জিনগ্রস্ত হওয়ার কারণে বা অন্য কোনো কারণে হারানো স্বামীর স্ত্রী উমার ইবনুল খাত্তাব রা.র নিকট আগমন করলে, তিনি নির্দেশ দেন যে, উক্ত স্ত্রী বিষয়টি তার নিকট উত্থাপনের সময় থেকে চারবছর অপেক্ষা করবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান