ফিকহুস সুনান ওয়াল আসার

৩. নামাযের অধ্যায়

হাদীস নং: ৮০৩
নামাযের অধ্যায়
তিনটি মসজিদ ছাড়া সফর করা যাবে না
(৮০৩) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তিনটি মসজিদ ছাড়া কোথাও সফর করা যাবে না: মসজিদে হারাম, মসজিদে নববি ও মসজিদে আকসা।
كتاب الصلاة
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد: المسجد الحرام ومسجد الرسول صلى الله عليه وسلم ومسجد الأقصى

হাদীসের তাখরীজ (সূত্র):

[সহীহ বুখারি, হাদীস-১১৯৭; সহীহ মুসলিম, হাদীস-৮২৭; সুনান তিরমিযি, হাদীস-৩২৬]

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এই যে, এ মর্যাদা ও শ্রেষ্ঠত্ব কেবল এ তিনটি মসজিদেরই রয়েছে যে, এগুলোতে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে সফর করা জায়েয; বরং আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি লাভের কারণ। এগুলো ছাড়া অন্য কোন মসজিদের এ মর্তবা ও বৈশিষ্ট্য নেই; বরং এগুলোর জন্য সফর করার নিষিদ্ধতা রয়েছে।

একথাও সুস্পষ্ট যে, এ হাদীসটির সম্পর্ক কেবল মসজিদের সাথে, আর নিঃসন্দেহে এ হাদীসের আলোকে মসজিদুল হারাম, মসজিদে নববী ও মসজিদুল আকসা ছাড়া পৃথিবীর অন্য যে কোন মসজিদে ইবাদতের জন্য সফর করা নিষেধ। কিন্তু অন্যান্য বৈধ পার্থিব ও দ্বীনি উদ্দেশ্য যেমন ব্যবসা, দ্বীনের জ্ঞান অর্জন, পুণ্যবানদের সাহচর্য লাভ এবং তাবলীগ ও দাওয়াত ইত্যাদির জন্য সফর করার সাথে এ হাদীসের কোন সম্পর্ক নেই।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)