মুসনাদে ইমাম আযম আবু হানীফা রহঃ

২২. আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৮০
আদাব - শিষ্টাচার অধ্যায়
কারো বিপদে আনন্দ প্রকাশ করা নিষেধ
হাদীস নং- ৪৮০

হযরত ওয়াসিলা ইব্ন আসকা (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি যে, তুমি তোমার ভাই-এর (বিপদে) আনন্দ প্রকাশ করো না, নতুবা আল্লাহ্ তা'আলা ঐ বিপদ তার থেকে দূর করে তোমাকে উক্ত বিপদে জড়িত করে দেবেন।
كتاب الآداب
قَالَ أَبُوْ حَنِيْفَةَ: سَمِعْتُ وَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ، قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُوْلُ: «لَا تُظْهِرَنَّ شَمَاتَةً لِأَخِيْكَ فَيُعَافِيَهُ اللهُ وَيَبْتَلِيَكَ اللهُ»

হাদীসের ব্যাখ্যা:

১. একজন মুসলমান ভাই-এর বিপদ-আপদে কোন মানুষের আনন্দ প্রকাশ করা মানবতা, ভদ্রতা, বিবেক, জ্ঞান এবং বুদ্ধিমত্তা বিরোধী কাজ। এটাও কোন অসম্ভব বা দুরের ব্যাপারে নয় যে, আল্লাহ তাআলা এ শিষ্টাচার বিরোধী কাজের প্রতিশোধে দুঃখী মানুষের দুঃখ লাঘব করে আনন্দ প্রকাশকারীকে ঐ বিপদে নিপতিত করতে পারেন।

২. আল্লাহ রাব্বুল আলামীন তাঁর বান্দাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থার মধ্যে রাখেন। কখনো তিনি তাঁর বান্দাকে প্রভাব-প্রতিপত্তি এবং প্রাচুর্য দান করে পরীক্ষা করেন এবং আবার কখনো দুঃখ-দুর্দশা ও বালা-মুসীবত নাযিল করে তার ঈমান দৃঢ় ও মযবুত করেন। কোন সময় তিনি তাঁর বান্দার উপর শাস্তিস্বরূপ বালা-মুসীবত নাযিল করেন। বালা-মুসীবত নাযিল করার কারণ এবং রহস্য আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তি জ্ঞাত নয়। অধিকন্তু বালা-মুসীবত নাযিল হলে বিপদগ্রস্ত ব্যক্তি তওবা-ইস্তেগফার এবং কান্নাকাটি করে আল্লাহর নৈকট্য হাসিল করে ফেলে। একমাত্র মূর্খ ও অবিবেচক ব্যক্তিই অন্যের বিপদে আনন্দ প্রকাশ করতে পারে এবং যে ব্যক্তি এরূপ করে, সে আল্লাহকে নারায করে এবং নিজের বিপদ নিজেই ডেকে আনে। আল্লাহ অবিবেচক ব্যক্তির উপর খুব অসন্তুষ্ট হন এবং তাকে বিপদগ্রস্ত করেন। শুধু তাই নয়, যার বিপদে আনন্দ প্রকাশ করা হয়, আল্লাহ তার বিপদ দূর করে দেন।
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান