আশ-শামাঈলুল মুহাম্মাদিয়্যাহ- ইমাম তিরমিযী রহঃ

শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ

হাদীস নং: ৩৮৯
শামাইলে নববীর পরিচ্ছেদসমূহ
রাসূলুল্লাহ্ -এর ওফাতের বিবরণ
৩৮৯। আবু কুরায়ব মুহাম্মাদ ইবনুল 'আলা (রাহঃ)... 'আয়িশা (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ্ (ﷺ) -এর ইনতিকালের পর তাঁর দাফন নিয়ে মতবিরোধ দেখা দিল। আবু বাকর (রাযিঃ) বললেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) থেকে এই সম্পর্কে এমন কিছু শুনেছি, যা আমি আজো ভুলিনি। অতঃপর বলেন, আল্লাহ্ তা'আলা নবীদেরকে এমন স্থানেই মৃত্যু দেন, যেখানে দাফন করা তিনি পসন্দ করেন। অতএব রাসূলুল্লাহ্ (ﷺ) -কে তাঁর মৃত্যুশয্যার স্থানেই দাফন করা হোক ।
أبواب الشمائل المحمدية والخصائل المصطفوية
حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ ، قَالَ : حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ وَهُوَ ابْنُ الْمُلَيْكِيِّ ، عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : لَمَّا قُبِضَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اخْتَلَفُوا فِي دَفْنِهِ ، فَقَالَ أَبُو بَكْرٍ : سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا مَا نَسِيتُهُ قَالَ : مَا قَبَضَ اللَّهُ نَبِيًّا إِلاَ فِي الْمَوْضِعِ الَّذِي يُحِبُّ أَنْ يُدْفَنَ فِيهِ. ادْفِنُوهُ فِي مَوْضِعِ فِرَاشِهِ

হাদীসের ব্যাখ্যা:

হাদীসটির মর্ম এটাই যে, হুযুর (ﷺ)-এর ওফাতের পর এ ব্যাপারে সাহাবায়ে কেরামের মধ্যে মতবিরোধ দেখা দিল যে, তাঁকে কোথায় দাফন করা হবে। হাদীস ব্যাখ্যাতাগণ উল্লেখ করেছেন যে, কারো কারো মত ছিল যে, তাঁকে সম্মানিত নগরী মক্কায় নিয়ে দাফন করা হোক, কারো কারো অভিমত ছিল যে, মদীনাতেই জান্নাতুল বাকীতে দাফন করা হোক। এ সময় হযরত আবূ বকর সিদ্দীক রাযি. বললেন, এ ব্যাপারে আমি স্বয়ং রাসূলুল্লাহ (ﷺ) থেকে একটি কথা শুনেছি। তিনি বলতেন যে, নবী-রাসূলদের সাথে আল্লাহ তা'আলার আচরণ এই চলে আসছে যে, তাঁদের মৃত্যু ঠিক ঐ স্থানে হয়, যেখানে তাঁর দাফন হওয়া ঐ পয়গাম্বর অথবা স্বয়ং আল্লাহ্ তা'আলার পছন্দ হয়। তাই হুযুর (ﷺ)-কে তাঁর ঐ বিছানার জায়গায় দাফন করা হোক, যার উপর তিনি ইন্তিকাল করেছেন। বস্তুতঃ এ অনুযায়ীই কাজ করা হল এবং হুযুর (ﷺ)-কে হযরত আয়েশা রাযি.-এর হুজরায় ঐ স্থানেই দাফন করা হল, যেখানে বিছানায় তিনি আরাম করতেন এবং যেখানে তিনি ওফাত পেয়েছেন। কতইনা ভাগ্যবান ঐ ভূখণ্ড, যা সাইয়্যেদুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, মাহবুবু রাব্বিল আলামীনকে কিয়ামত পর্যন্ত সময়কালের জন্য নিজের বক্ষে ধারণ করে নিয়েছে। صلى الله عليه وبارك وسلم دائمًا أبدًا
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)