আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

১৮- বিবিধ প্রসঙ্গ।

হাদীস নং: ৮৮৫
- বিবিধ প্রসঙ্গ।
ডান হাতে পানাহার করা।
৮৮৫ ৷ আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ তোমাদের কেউ যখন আহার করে, সে যেন ডান হাতে আহার করে এবং ডান হাতে পান করে। কেননা শয়তান বাঁ হাতে আহার করে এবং বাঁ হাতে পান করে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এ হাদীসের উপর আমল করি। অসুস্থতা বা অন্য কোন সংগত কারণ ছাড়া বাঁ হাতের সাহায্যে পানাহার করা জায়েয নয়।
الابواب الجامعة
بَابُ: الشُّرْبِ وَالأَكْلِ بِالْيَمِينِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عُبَيْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ، وَلْيَشْرَبْ بِيَمِينِهِ، فَإِنَّ الشَّيْطَانَ يَأْكُلُ بِشِمَالِهِ وَيَشْرَبُ بِشِمَالِهِ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهِ نَأْخُذُ، لا يَنْبَغِي أَنْ يَأْكُلَ بِشِمَالِهِ، وَلا يَشْرَبُ بِشِمَالِهِ إِلا مِنْ عِلَّةٍ

হাদীসের ব্যাখ্যা:

মানুষ নিজের হাতকে পাক-নাপাক প্রতিটি কাজ ও বিষয়ে ব্যবহার করে। এ জন্য তার স্বভাবগত পবিত্রপ্রিয়তার দাবী এটাই যে, নাপাক ও ময়লা পরিষ্কারের মত কাজের জন্য একটি হাত নির্দিষ্ট করে নেওয়া হবে, আর অন্যান্য কাজে অন্য হাত ব্যবহার করা হবে। এই প্রকৃতিগত চাহিদা অনুযায়ী নাপাকী দূর করা ইত্যাদি কাজের জন্য বাম হাতকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর বাকী পানাহার ও অন্যান্য ভালো ও পবিত্র কাজের বেলায় নির্দেশ দেওয়া হয়েছে যে, এগুলো ডান হাতে সম্পাদন করা হবে। সৃষ্টিগত ও প্রকৃতিগতভাবে বাম হাতের তুলনায় ডান হাতের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব এক প্রকাশ্য সত্য। অতএব, এ নির্দেশ ও বণ্টন সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মেরও অনুকূল। এই ভিত্তিতে বাম হাতে পানাহার করা এমন উল্টো কাজ, যেমন কোন মানুষ হাতের পরিবর্তে পা দিয়ে লেখে। এজন্যই সামনের হাদীসে বলা হয়েছে যে, বাম হাতে খাওয়া শয়তানের তরীকা ও তার কাজ। কেননা, শয়তানের স্বভাবই এই যে, সে প্রতিটি কাজ উল্টো করে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)