আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়

হাদীস নং: ৫৯৪
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
মৃত্যুর অথবা তালাকের ইদ্দাত চলাকালে স্বামীর বাড়ির বাইরে স্ত্রীর যাওয়া সম্পর্কে।
৫৯৪। মালেক ইবনে সিনানের কন্যা এবং আবু সাঈদ আল-খুদরী (রাযিঃ)-র বোন ফুরাইআ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি তার বাপের বাড়ী ফিরে যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করার জন্য রাসূলুল্লাহ ﷺ -এর কাছে এলেন। (তিনি বলেন), কেননা আমার স্বামী আমাদের পালিয়ে যাওয়া কয়েকটি গোলামের খোঁজে বাইরে গিয়েছিলেন। আল-কাদ্দূম নামক এলাকার কাছাকাছি তিনি যখন তাদের প্রায় ধরে ফেলছিলেন তখন তারা তাকে হত্যা করে। আমি রাসূলুল্লাহ ﷺ -এর কাছে আমার বাপের বাড়ী খুদরা গোত্রে ফিরে যাওয়ার অনুমতি প্রার্থনা করি। কেননা আমার স্বামী তার মালিকানায় আমার বসবাসের জন্য কোন ঘর এবং খোরপোষ রেখে যাননি। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ “হ্যাঁ, তুমি যেতে পারো”। অতএব আমি তাঁর কাছ থেকে বিদায় নিয়ে রওয়ানা হলাম। আমি কেবল হুজরা থেকে বের হয়েছি এমন সময় তিনি আমাকে ডাকলেন অথবা আমাকে ডাকার জন্য কাউকে নির্দেশ দিলেন। অতএব আমাকে ডাকা হলো। আমি তাঁর কাছে গেলে তিনি জিজ্ঞেস করলেনঃ “তুমি কি বলেছিলে? আমি তার সামনে পূর্বের ঘটনা পুনরায় ব্যক্ত করলাম। তিনি বলেনঃ “নিজ ঘরে অবস্থান করো ইদ্দাত শেষ না হওয়া পর্যন্ত।" রাবী বলেন, অতএব আমি সেই ঘরে (স্বামীর ঘরে) চার মাস দশ দিন ইদ্দাত পালন করলাম।** রাবী আরো বলেন, উছমান (রাযিঃ) তার খিলাফতকালে আমাকে ডেকে পাঠালেন এবং এই বিষয়ে আমার কাছে জিজ্ঞেস করলেন। আমি তাকে বিষয়টি আদ্যপান্ত অবহিত করি। তিনি এই বিষয়টির অনুসরণ করেন এবং তদনুযায়ী (এই জাতীয় ঘটনার) ফয়সালা দিতেন।
كتاب الطلاق
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا سَعْدُ بْنُ إِسْحَاقَ بْنِ كَعْبِ بْنِ عُجْرَةَ، عَنْ عَمَّتِهِ زَيْنَبَ ابْنَةِ كَعْبِ بْنِ عُجْرَةَ، أَنَّ الْفُرَيْعَةَ بِنْتَ مَالِكِ بْنِ سِنَانٍ وَهِيَ أُخْتُ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، أَخْبَرَتْهُ، أَنَّهَا أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسْأَلُهُ أَنْ تَرْجِعَ إِلَى أَهْلِهَا فِي بَنِي خُدْرَةٍ، فَإِنَّ زَوْجِي خَرَجَ فِي طَلَبِ أَعْبُدٍ لَهُ أَبَقُوا حَتَّى إِذَا كَانَ بِطَرَفِ الْقَدُومِ أَدْرَكَهُمْ، فَقَتَلُوهُ، فَقَالَتْ: فَسَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْذَنَ لِي أَنْ أَرْجِعَ إِلَى أَهْلِي فِي بَنِي خُدْرَةٍ فَإِنَّ زَوْجِي لَمْ يَتْرُكْنِي فِي مَسْكَنٍ يَمْلِكُهُ، وَلا نَفَقَةٍ، فَقَالَ: «نَعَمْ» ، فَخَرَجْتُ حَتَّى إِذَا كُنْتُ بِالْحُجْرَةِ دَعَانِي، أَوْ أَمَرَ مَنْ دَعَانِي، فَدُعِيتُ لَهُ، فَقَالَ: «كَيْفَ قُلْتِ؟» ، فَرَدَّدْتُ عَلَيْهِ الْقِصَّةَ الَّتِي ذَكَرْتُ لَهُ، فَقَالَ: «امْكُثِي فِي بَيْتِكَ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ» ، قَالَتْ: فَاعْتَدَدْتُ فِيهِ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا، قَالَتْ: فَلَمَّا كَانَ أَمْرُ عُثْمَانَ أَرْسَلَ إِلَيَّ فَسَأَلَنِي عَنْ ذَلِكَ فَأَخْبَرْتُهُ بِذَلِكَ فَاتَّبَعَهُ وَقَضَى بِهِ

হাদীসের তাখরীজ (সূত্র):

** কিন্তু ফাতিমা বিনতে কায়েস (রা)-র হাদীস থেকে জানা যায়, তার স্বামী তাকে তিন তালাক দিলে রাসূলুল্লাহ ﷺ তার জন্য বাসগৃহ ও খোরপোষের ব্যবস্থা করার নির্দেশ দেননি। ফাতিমা (রা) তা দাবি করলে তিনি তা প্রত্যাখ্যান করেন (বুখারী, মুসিলম, তিরমিযী, আবু দাউদ, নাসাঈ)। এর জবাবে বলা হয়েছে যে, ফাতিমা (রা)-র এই বর্ণনা সাহাবীগণ প্রত্যাখ্যান করেছেন। তাই ফাতিমার এই বর্ণনাটির উপর নির্ভর করা যায় না। অথবা তার বাসস্থান ও খোরপোষের ব্যবস্থা না করার পিছনে কোন ওজর অথবা বিশেষ কোন কারণ নিহিত ছিলো। আবার কেউ বলেছেন, তার ঘর ছিলো জংগলময় স্থানের পাশে। হিংস্র জন্তুর ভয় থাকার কারণে রাসূলুল্লাহ ﷺ তাকে অন্যত্র গিয়ে ইদ্দাত পালনের অনুমতি দেন (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান