আল মুওয়াত্তা - ইমাম মালিক রহঃ

২৯. ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়

হাদীস নং: ১২২১
ত্বালাক - বিবাহ বিচ্ছেদ অধ্যায়
২২. যেই গৃহে স্ত্রীকে তালাক দেওয়া হয় সেই গৃহে ইদ্দত পালন করা প্রসঙ্গ
রেওয়ায়ত ৬৩. ইয়াহইয়া ইবনে সাঈদ ইবনুল আ’স (রাযিঃ) আব্দুর রহমান ইবনে হাকাম (রাহঃ)-এর কন্যাকে তালাকে আল-বাত্তা (বায়েন তালাক) দিলেন। আব্দুর রহমান ইবনে হাকাম কন্যাকে (স্বামীর গৃহ হইতে নিজ গৃহে) সরাইয়া নিলেন। উম্মুল মু’মিনীন আয়েশা (রাযিঃ) মারওয়ান ইবনে হাকামের নিকট লোক প্রেরণ করিলেন। মারওয়ান তখন মদীনার গভর্নর। আয়েশা (রাযিঃ) বলিলেনঃ আল্লাহকে ভয় করুন এবং (ইদ্দত পালনরতা) স্ত্রীকে তাহার স্বামীর গৃহে ফেরত পাঠান। সুলায়মানের রেওয়ায়ত সম্পর্কে মারওয়ান বললেনঃ আব্দুর রহমান আমার উপর জয়ী হইয়াছেন। কাসিমের রেওয়ায়ত সম্পর্কে মারওয়ান বলিলেনঃ আপনার নিকট ফাতেমা বিনতে কায়েসের ব্যাপার পৌছে নাই কি? আয়েশা (রাযিঃ) বলিলেনঃ ফাতেমার ঘটনা,* উল্লেখ না করিলে আপনার কোন ক্ষতি নাই (অর্থাৎ ইহাতে কোন দলীল নাই)। মারওয়ান বলিলেন ; যদি আপনার দৃষ্টিতে স্বামীর গৃহে ফাতেমার ইদ্দত পালনে কোন অসুবিধা থাকে তবে যেহেতু উভয়ের মধ্যে (আবু আমর ও তাহার স্ত্রী আমরা) যথেষ্ট অসুবিধা রহিয়াছে (যে কারণে স্বামীগৃহ ত্যাগ করিয়া অন্যত্র ইদ্দত পালন করা প্রয়োজন হইয়া পড়িয়াছে)। তাই ইহা আপনার সস্তুষ্টির জন্য যথেষ্ট।
كتاب الطلاق
بَاب مَا جَاءَ فِي عِدَّةِ الْمَرْأَةِ فِي بَيْتِهَا إِذَا طُلِّقَتْ فِيهِ
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ وَسُلَيْمَانَ بْنِ يَسَارٍ أَنَّهُ سَمِعَهُمَا يَذْكُرَانِ أَنَّ يَحْيَى بْنَ سَعِيدِ بْنِ الْعَاصِ طَلَّقَ ابْنَةَ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَكَمِ الْبَتَّةَ فَانْتَقَلَهَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْحَكَمِ فَأَرْسَلَتْ عَائِشَةُ أُمُّ الْمُؤْمِنِينَ إِلَى مَرْوَانَ بْنِ الْحَكَمِ وَهُوَ يَوْمَئِذٍ أَمِيرُ الْمَدِينَةِ فَقَالَتْ اتَّقِ اللَّهَ وَارْدُدْ الْمَرْأَةَ إِلَى بَيْتِهَا فَقَالَ مَرْوَانُ فِي حَدِيثِ سُلَيْمَانَ إِنَّ عَبْدَ الرَّحْمَنِ غَلَبَنِي وَقَالَ مَرْوَانُ فِي حَدِيثِ الْقَاسِمِ أَوَ مَا بَلَغَكِ شَأْنُ فَاطِمَةَ بِنْتِ قَيْسٍ فَقَالَتْ عَائِشَةُ لَا يَضُرُّكَ أَنْ لَا تَذْكُرَ حَدِيثَ فَاطِمَةَ فَقَالَ مَرْوَانُ إِنْ كَانَ بِكِ الشَّرُّ فَحَسْبُكِ مَا بَيْنَ هَذَيْنِ مِنْ الشَّرِّ

হাদীসের তাখরীজ (সূত্র):

*ফাতেমা বিনৃত কায়স ইবন খালিদ ছিলেন ইরাকের গভর্নর যাহহাক ইবন কায়স-এর বোন। তাহাকে বিবাহ করেন আবূ 'আমর ইবন হাফস (রা)। আবু 'আমর ছিলেন খালিদ ইবন ওয়ালীদ (রা)-এর চাচাতো ভাই। রাসুলুল্লাহ্ (সা) তাঁহাকে 'আলী ইবন আবি তালিবের সাথে ইয়ামানে প্রেরণ করেন। সেই সময় তিনি তাহার স্ত্রীকে অবশিষ্ট তৃতীয় তালাক প্রদান করেন। ইদ্দতকালীন সময়ে আবূ 'আমর ইয়ামানে ইস্তিকাল করেন। বিশেষ অবস্থার পরিপ্রেক্ষিতে তিনি স্বামীগৃহ ত্যাগ করিয়া অন্যত্র ইদ্দত পালনের জন্য রাসুলুল্লাহ (সা)-এর নিকট অনুমতি চাহিলেন। রাসুলুল্লাহ (সা) তাঁহাকে অনুমতি দিলেন এবং তাঁহাকে অন্ধ সাহাবী ইবন উম্মে মাকতুম (রা)-এর গৃহে ইদ্দত পালন করার নির্দেশ দিলেন।