মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬২৪৩
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
দ্বিতীয় অনুচ্ছেদ - সমষ্টিগতভাবে মর্যাদা ও বৈশিষ্ট্য
৬২৪৩। হযরত আয়েশা (রাঃ) বলেন, একদা নবী (ﷺ) (অসময়ে) হযরত যুবায়র (রাঃ)-এর ঘরে বাতি জ্বলিতে দেখিলেন। তখন তিনি বলিলেন, হে আয়েশা! আমার মনে হয়, আসমা প্রসব করিয়াছে। সুতরাং, আমি উহার নাম রাখা পর্যন্ত তোমরা তাহার নাম রাখিবে না। অতঃপর তিনি তাহার নাম রাখিলেন আব্দুল্লাহ্ এবং একটি খোরমা চিবাইয়া নিজ হাতে তাহার মুখের তালুতে লাগাইয়া দিলেন। — তিরমিযী
كتاب المناقب
وَعَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى فِي بَيْتِ الزُّبَيْرِ مِصْبَاحًا فَقَالَ: «يَا عَائِشَة ماأرى أَسْمَاءَ إِلَّا قَدْ نُفِسَتْ وَلَا تُسَمُّوهُ حَتَّى أُسَمِّيَهُ» فَسَمَّاهُ عَبْدَ اللَّهِ وَحَنَّكَهُ بِتَمْرَةٍ بِيَدِهِ. رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
হযরত আসমা ছিলেন হযরত আয়েশার বড় ভগ্নী এবং যুবায়র (রাঃ)-এর স্ত্রী। মদীনায় হিজরতের পর এই আবদুল্লাহ্ ইবনে যুবায়রই মুহাজেরদের মধ্যে সর্বপ্রথম সন্তান জন্ম লাভ করিয়াছেন। নবজাত শিশুর মুখে কোন বুযুর্গ ব্যক্তির মুখের লালা মিশ্রিত মিষ্টি জিনিস রাখাকে আরবী পরিভাষায় “তাহনীক” বলে। এইরূপ করা সুন্নত। এই হিসাবে হযরত আবদুল্লাহ্ ইবনে যুবায়র (রাঃ) সৌভাগ্যবান যে, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর লালাই প্রথম খাদ্য হিসাবে তাহার পেটের ভিতরে ঢুকিয়াছে।