মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬১৮৪
- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
প্রথম অনুচ্ছেদ - নবী (সা.) -এর পবিত্র স্ত্রীগণের মর্যাদা
৬১৮৪। হযরত আলী (রাঃ) বলিয়াছেন, আমি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, মারইয়াম বিনতে এমরান ছিলেন (তৎকালীন দুনিয়ার) সমস্ত নারীর মধ্যে শ্রেষ্ঠা। আর খাদীজা বিনতে খুওয়াইলেদ হইলেন (বর্তমান উম্মতের) সমগ্র নারী সমাজের মধ্যে শ্রেষ্ঠা। মোত্তাঃ
অপর এক রেওয়ায়তে আছে—আবু কুরাইব বলেন, বর্ণনাকারী ওয়াকী' আসমান ও যমীনের দিকে ইঙ্গিত করেন (অর্থাৎ, এই দুই স্থানের মধ্যে ইহারা উত্তম ও শ্রেষ্ঠা)।
كتاب المناقب
بَابُ مَنَاقِبِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْفَصْل الأول
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «خَيْرُ نِسَائِهَا مَرْيَمُ بِنْتُ عِمْرَانَ وَخَيْرُ نِسَائِهَا خَدِيجَةُ بِنْتُ خُوَيْلِدٍ» مُتَّفَقٌ عَلَيْهِ وَفِي رِوَايَةٍ قَالَ أَبُو كُرَيْبٍ: وَأَشَارَ وَكِيعٌ إِلَى السَّمَاء وَالْأَرْض

হাদীসের ব্যাখ্যা:

হাদীসের বাহ্যিক শব্দমালা দ্বারা বুঝা যায় যে, দুনিয়ার সমস্ত নারীদের মধ্যে সর্বোত্তম ও সবচেয়ে মর্যাদার অধিকারী হলেন, হযরত ঈসা (আ.)-এর মা হযরত মরিয়াম বিনতে ইমরান এবং রাসূলুল্লাহ (ﷺ)-এর সম্মানিতা স্ত্রী হযরত খাদীজা বিনতে খুওয়াইলিদ। যদি হাদীসের মর্ম এটাই হয়, তাহলে মনে করতে হবে যে, এরা দু'জনই মর্যাদায় সমান। কোন কোন হাদীসের ব্যাখ্যাদাতা এর মর্ম এই বর্ণনা করেছেন যে, হযরত মরিয়াম পূর্ববর্তী উম্মতের সকল নারীদের মধ্যে শ্রেষ্ঠা, আর হযরত খাদীজা এ উম্মতের সকল নারীদের মধ্যে শ্রেষ্ঠা। আর যেহেতু রাসূলুল্লাহ (ﷺ)-এর এ উম্মত সর্বোত্তম উম্মত- অর্থাৎ, পূর্ববর্তী সকল উম্মতের চেয়ে উত্তম, তাই হযরত খাদীজা হযরত মরিয়ামের তুলনায় উত্তম ও সর্বশ্রেষ্ঠা হবেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান