আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৫০- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ

হাদীস নং: ৪০৯১
আন্তর্জাতিক নং: ৪৪৩৫
- নবীজীর সাঃ যুদ্ধাভিযানসমূহ
২২৪৭. নবী কারীম (ﷺ)- এর রোগ ও তাঁর ওফাত।
৪০৯১। মুহাম্মাদ ইবনে বাশশার (রাহঃ) .... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একথা শুনছিলাম যে, কোন নবী মারা যান না যতক্ষণ না তাঁকে ইখতিয়ার প্রদান করা হয় দুনিয়া বা আখিরাত গ্রহণ করার। যে রোগে নবী কারীম (ﷺ) ইন্‌তিকাল করেন সে রোগে আমি নবী কারীম (ﷺ)- কে মৃত্যু যন্ত্রণায় আক্রান্তাবস্থায় বলতে শুনেছি, তাঁদের সাথে যাঁদের প্রতি আল্লাহ্ তাআলা নিআমত প্রদান করেছেন [তাঁরা হলেন, নবী (আলাইহিস সালাম) গণ, সিদ্দীকগণ এবং শহীদগণ।] (৪ঃ ৭২) তখন আমি ধারণা করলাম যে তিনিও ইখতিয়ার প্রাপ্ত হয়েছেন।
كتاب المغازى
بَابُ مَرَضِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَوَفَاتِهِ
4435 - حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: كُنْتُ أَسْمَعُ: " أَنَّهُ لاَ يَمُوتُ نَبِيٌّ حَتَّى يُخَيَّرَ بَيْنَ الدُّنْيَا وَالآخِرَةِ، فَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ، وَأَخَذَتْهُ بُحَّةٌ، يَقُولُ: {مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ} [النساء: 69] الآيَةَ فَظَنَنْتُ أَنَّهُ خُيِّرَ "

হাদীসের ব্যাখ্যা:

অর্থাৎ, আল্লাহর পক্ষ থেকে তাঁদেরকে এখতিয়ার দেওয়া হয় যে, দুনিয়াতে যদি আরো কিছুকাল থাকতে চান, তাহলে থাকতে পারেন, আর যদি আখেরাত জগতে চলে যাওয়া পছন্দ করেন, তাহলে তাই অবলম্বন করে নিন। এ হাদীসে হযরত আয়েশা রাযি. হুযুর (ﷺ)-এর ওফাতকালীন অসুস্থতার শেষ পর্যায়ের এ ঘটনা বর্ণনা করেছেন যে, যখন প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হল, (যা মৃত্যু নিকটবর্তী হওয়ার লক্ষণ হয়ে থাকে।) তখন তিনি আল্লাহ্ তা'আলার দিকে মনোনিবেশ করে নিবেদন করলেন : مَعَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ الخ হে আল্লাহ্! এবার তুমি আমাকে ঐসব মকবুল ও প্রিয় বান্দাদের কাছে পৌঁছিয়ে দাও, যাঁরা তোমার বিশেষ কৃপাধন্য- অর্থাৎ, নবী, সিদ্দীক, শহীদ ও পুণ্যবান ব্যক্তিগণ। সূরা নিসার ৬৯ নং আয়াতে এ চারটি শ্রেণীর উপর আল্লাহ্ তা'আলার বিশেষ অনুগ্রহের কথা উল্লেখ করা হয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)