মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৫৫৯
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - হিসাব-নিকাশ, প্রতিশোধ গ্রহণ ও মীযানের বর্ণনা
৫৫৫৯। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামতের দিন এমন এক ব্যক্তিকে জনসমক্ষে উপস্থিত করা হইবে যাহার আমলনামা খোলা হইবে নিরানব্বই ভলিয়মে এবং প্রতিটি ভলিয়ম বিস্তীর্ণ হইবে দৃষ্টির সীমা পর্যন্ত। অতঃপর আল্লাহ্ তা'আলা তাহাকে জিজ্ঞাসা করিবেন, আচ্ছা বল দেখি, তুমি ইহার কোন একটিকে অস্বীকার করিতে পারিবে? অথবা আমার লিখক ফিরিশতাগণ কি তোমার প্রতি যুগ্ম করিয়াছে ? সে বলিবে, না; হে আমার রব! আল্লাহ্ তা'আলা জিজ্ঞাসা করিবেন, তবে কি তোমার পক্ষ হইতে কোন ওযর পেশ করিবার আছে? সে বলিবে, না; হে আমার রব! তখন আল্লাহ্ বলিবেন, হ্যাঁ, তোমার একটি নেকী আমার নিকট রক্ষিত আছে। তুমি নিশ্চিত জানিয়া রাখ, আজ তোমার প্রতি কোন যুগ্ম বা অবিচার করা হইবে না। ইহার পর এক টুকরা কাগজ বাহির করা হইবে, যাহাতে রহিয়াছে— أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ [অর্থাৎ, আমি সাক্ষ্য দিতেছি যে, আল্লাহ্ ছাড়া কোন ইলাহ্ (মা'বূদ) নাই এবং মুহাম্মাদ (ﷺ) তাঁহার বান্দা ও রাসূল] অতঃপর আল্লাহ্ তাহাকে বলিবেন, তোমার আমলের ওজন দেখিবার জন্য উপস্থিত হও। তখন সে বলিবে, হে পরওয়ারদিগার! ঐ সমস্ত বিরাট বিরাট দফ্‌তরের মুকাবিলায় এই এক টুকরা কাগজের মূল্যই বা কি আছে? তখন আল্লাহ্ বলিবেন, তোমার উপর কোন অবিচার করা হইবে না।
নবী (ﷺ) বলেন, অতঃপর ঐ সমস্ত দফতরগুলি পাল্লার এক পালিতে এবং এই কাগজের টুকরাখানি আরেক পালিতে রাখা হইবে। তখন দফ্‌তরগুলির পালি হালকা হইয়া উপরে উঠিয়া যাইবে এবং কাগজের টুকরার পালি ভারী হইয়া নীচের দিকে ঝুঁকিয়া থাকিবে। মোটকথা, আল্লাহর নামের সাথে অন্য কোন জিনিস ওজনী হইতে পারিবে না।— তিরমিযী ও ইবনে মাজাহ্
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ سيخلِّصُ رجلا من أُمّتي على رُؤُوس الْخَلَائِقِ يَوْمَ الْقِيَامَةِ فَيَنْشُرُ عَلَيْهِ تِسْعَةً وَتِسْعِينَ سِجِلًّا كُلُّ سِجِلٍّ مِثْلَ مَدِّ الْبَصَرِ ثُمَّ يَقُولُ: أَتُنْكِرُ مِنْ هَذَا شَيْئًا؟ أَظَلَمَكَ كَتَبَتِي الحافظون؟ فَيَقُول: لَا يارب فَيَقُول: أَفَلَك عذر؟ قَالَ لَا يارب فَيَقُولُ بَلَى. إِنَّ لَكَ عِنْدَنَا حَسَنَةً وَإِنَّهُ لَا ظُلْمَ عَلَيْكَ الْيَوْمَ فَتُخْرَجُ بِطَاقَةٌ فِيهَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فَيَقُولُ احْضُرْ وَزْنَكَ. فَيَقُولُ: يَا رَبِّ مَا هَذِهِ الْبِطَاقَةُ مَعَ هَذِهِ السِّجِلَّاتِ؟ فَيَقُولُ: إِنَّكَ لَا تُظْلَمُ قَالَ: فَتُوضَعُ السِّجِلَّاتُ فِي كِفَّةٍ وَالْبِطَاقَةُ فِي كِفَّةٍ فَطَاشَتِ السِّجِلَّاتُ وَثَقُلَتِ الْبِطَاقَةُ فَلَا يَثْقُلُ مَعَ اسْمِ الله شَيْء . رَوَاهُ التِّرْمِذِيّ وَابْن مَاجَه

হাদীসের ব্যাখ্যা:

১. জনসম্মুখে দেখানোর কারণ হইল, কালেমার ওজন যে কত ভারী, তাহা দেখিয়া ঈমানদারগণ আনন্দিত হইবে এবং কাফেরগণ অনুতপ্ত হইবে–কেন তাহারা সেই কালেমা হইতে মুখ ফিরাইয়া নিয়াছিল।

২. কোন কোন ব্যাখ্যাতা এ হাদীসের ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন যে, কুফর এবং শিরক থেকে বের হওয়ার সময় প্রথমবার যে কালেমা পাঠ করে ঈমান এবং ইসলাম কবুল করা হয় কিয়ামতের দিন আমল ওজন করার সময় তার প্রভাব এ ধরনের হবে এবং এ কালেমার কারণে পূর্ববর্তী যাবতীয় গুনাহ বে-ওজন হয়ে যাবে। পূর্ববর্তী এক হাদীসে বলা হয়েছেঃ-

إن الإسلام يهدم ما كان قبله

অর্থাৎ "ইসলাম কবুল করার কারণে পূর্ববর্তী যাবতীয় গুনাহ মাফ করে দেয়া হয়।"

আলোচ্য হাদীসের ব্যাখ্যা এরূপও করা হয়েছে যে, হাদীসে বর্ণিত অবস্থা সেই ব্যক্তির যে দীর্ঘদিন গাফলতির মধ্যে ছিল এবং একের পর এক গুনাহের কাজে সে লিপ্ত ছিল এবং তার রেকর্ড ফিরিশতারা লিপিবদ্ধ করেছিলেন। অতঃপর আল্লাহ্ তাকে তওফিক দান করেছিলেন এবং সে অন্তরের অন্তঃস্থল থেকে পূর্ণ আন্তরিকতা সহকারে কালেমায়ে শাহাদাত এবং কালেমায়ে ঈমানের মাধ্যমে আল্লাহ্ তাঁর রাসূলের সাথে ঈমানী সম্পর্ক সঠিক করেছিল এবং এ অবস্থায় তার মৃত্যুও হয়েছিল।
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান