মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৫৪৬
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - হাশর
৫৫৪৬। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ কিয়ামতের দিন মানুষদিগকে তিন ভাগে একত্রিত করা হইবে। একদল আসিবে পদব্রজে, দ্বিতীয় দল আসিবে সওয়ারীতে এবং তৃতীয় দল আসিবে নিজেদের মুখের উপরে ভর করিয়া। জিজ্ঞাসা করা হইল; ইয়া রাসূলাল্লাহ্। তাহারা নিজেদের চেহারার উপরে ভর করিয়া কি ভাবে চলিবে। তিনি বলিলেন ; নিশ্চয় যিনি তাহাদিগকে পদযুগলে চালিত করিতে পারেন, তিনি তাহাদিগকে চেহারার উপরে ভর দিয়া চালাইবার ক্ষমতাও রাখেন। তোমরা জানিয়া রাখ, তাহারা নিজেদের মুখের উপরে চলাকালে প্রতিটি টিলা-টংকর ও কাঁটা-কুটা ইত্যাদি হইতে আত্মরক্ষা করিয়া চলিবে। —তিরমিযী
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ ثَلَاثَةَ أَصْنَافٍ: صِنْفًا مُشَاةً وَصِنْفًا رُكْبَانًا وَصِنْفًا عَلَى وُجُوهِهِمْ قِيلَ: يَا رَسُولَ اللَّهِ وَكَيْفَ يَمْشُونَ عَلَى وُجُوهِهِمْ؟ قَالَ: «إِنَّ الَّذِي أَمْشَاهُمْ عَلَى أَقْدَامِهِمْ قَادِرٌ عَلَى أَنْ يُمْشِيَهُمْ عَلَى وُجُوهِهِمْ أَمَا إِنَّهُمْ يَتَّقُونَ بِوُجُوهِهِمْ كُلَّ حَدَبٍ وَشَوْكٍ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

১. দুনিয়াতে যে সমস্ত লোক আল্লাহ্ সম্মুখে মাথা নত করে নাই, নিজ চেহারা দ্বারা সজ্দা করে নাই, ঐ দিন সেই চেহারা দ্বারা হাঁটাইয়া তাহাদিগকে অপমানিত ও লাঞ্ছিত করা হইবে।

২. হাদীসে তিনশ্রেণীর উল্লেখ করা হয়েছে। হাদীসের ব্যাখ্যাকারীগণ তার ব্যাখ্যা করেছেন যে, পদব্রজে গমনকারীগণ সাধারণ মুসলমান, সোয়ারীতে গমনকারীগণ সম্মানিত ব্যক্তিবর্গ এবং আল্লাহর নেক বান্দাগণ দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হবেন। প্রথম থেকেই তাদেরকে স্বাগতম জানান হবে। তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হবে যারা চেহারার উপর চলবে বা উপুড় হয়ে কপাল হেঁচড়িয়ে চলবে এসব বদ-নসিব ব্যক্তি দুনিয়ার যিন্দেগীতে আম্বিয়া আলাইহিস সালামের তালিম ও হেদায়াত মোতাবেক সহজ সরল পথে জীবন পরিচালনা করতে অস্বীকার করেছে। তারা মৃত্যু পর্যন্ত নবীদের তরীকার বিপরীত যিন্দেগী যাপন করেছে। কিয়ামতের দিন তাদের প্রথম শাস্তি হবে চেহারার উপর চলতে বাধ্য করা হবে। যেরূপ দুনিয়ার যিন্দেগীতে পদব্রজে গমনকারীগণ পায়ের সাহায্যে উঁচু-নীচু এবং রাস্তার কাটা পরিহার করে চলে। সেরূপ এসব বদনসিব ব্যক্তি কিয়ামতের দিন চেহারা বা কপালের সাহায্যে পথের কাটা এবং অসুবিধা দূর করে চলবে। অর্থাৎ দুনিয়ার জিন্দেগীতে মানুষ পায়ের সাহায্যে যেসব জিনিস করে থাকে কিয়ামতের দিন এসব অপরাধী মুখ, চেহারা এবং মাথার দ্বারা সে কাজ করে।
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান