মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়
হাদীস নং: ৫১২৯
- আদাব - শিষ্টাচার অধ্যায়
২১. দ্বিতীয় অনুচ্ছেদ - অত্যাচার
৫১২৯। হযরত হোযাইফা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমরা স্বার্থপরায়ণ হইও না। (অর্থাৎ) তোমরা বলিবে, যদি লোকেরা ভাল ব্যবহার করে তবে আমরাও ভাল ব্যবহার করিব, আর যদি তাহারা যুলম করে তবে আমরাও যুলম করিব। বরং তোমরা নিজেদেরকে ইহার উপর অভ্যস্ত কর যে, যদি লোকেরা ভাল ব্যবহার করে তবে তোমরাও ভাল ব্যবহার করিবে, আর যদি তাহারা মন্দ আচরণ করে, তবুও তোমরা যুলম করিবে না। – তিরমিযী
كتاب الآداب
الْفَصْل الثَّانِي
وَعَنْ حُذَيْفَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَكُونُوا إِمَّعَةً تَقُولُونَ: إِنْ أَحْسَنَ النَّاسُ أَحْسَنَّا وَإِنْ ظَلَمُوا ظَلَمْنَا وَلَكِنْ وَطِّنُوا أَنْفُسَكُمْ إِنْ أَحْسَنَ النَّاسُ أَنْ تُحْسِنُوا وإِن أساؤوا فَلَا تظلموا . رَوَاهُ التِّرْمِذِيّ. وَيصِح وَقفه على ابْن مَسْعُود
হাদীসের ব্যাখ্যা:
যারা সুযোগ সন্ধানী, তারা নীতি ও আদর্শ বিবর্জিত। তাদের কোন স্থায়ী নীতিমালা ও কর্মধারা নেই। তারা সুযোগের জন্য ওঁৎপেতে থাকে এবং মওকা মোতাবিক কর্মপন্থা নির্ধারণ করে। তারা অন্যের পদাঙ্ক এবং কর্মপন্থা অনুসরণ করে বা অন্য লোক তাদের প্রতি ভাল আচরণ করলে তারাও অন্য লোকের প্রতি ভাল আচরণ করে এবং অন্য লোক তাদের প্রতি মন্দ আচরণ করলে তারাও অন্যের প্রতি মন্দ আচরণ করে। কিন্তু ঈমানদারদের যিন্দেগীর নকশা ভিন্নরূপ। ঈমানদার জীবনের সর্বাবস্থায় আল্লাহর সন্তষ্টিকে সর্বাধিক প্রিয় মনে করেন। ক্রোধ এবং অসন্তুষ্টি উভয় অবস্থায় আল্লাহর হুকুম মোতাবিক আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আল্লাহর বান্দাদের সাথে উত্তম আচরণ করেন। ঈমান কখনো মন্দকে মন্দের দ্বারা এবং যুলমকে যুলমের দ্বারা প্রতিরোধ করে না। ঈমানদার ব্যক্তি উত্তম আখলাকের অধিকারী। তাই শত্রুর সাথেও ইনসাফের আচরণ করেন বরং কোন সময় প্রতিশোধ গ্রহণ করলেও সীমালংঘন করেন না বরং বৈধ পন্থা অবলম্বন করেন এবং তাও যালিমকে হেয় করার জন্য নয়, তাকে সংশোধন করার মহান উদ্দেশ্যে করে থাকেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)