মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৫০৭২
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৯. প্রথম অনুচ্ছেদ - নম্রতা, লজ্জাশীলতা ও উত্তম স্বভাব
৫০৭২। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: পূর্ববর্তী নবীদের বাণী হইতে পরবর্তী লোকেরা (অবিকৃতাবস্থায়) যাহা পাইয়াছে (এবং আজও যাহা বিদ্যমান আছে) তাহা হইল যখন তুমি বে-শরম হইয়া যাইবে তখন তোমার যাহা ইচ্ছা তাহাই কর। -বুখারী
كتاب الآداب
وَعَنِ ابْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ مِمَّا أَدْرَكَ النَّاسُ مِنْ كَلَامِ النُّبُوَّةِ الْأُولَى: إِذَا لَمْ تَسْتَحى فاصنعْ مَا شئْتَ رَوَاهُ البُخَارِيّ

হাদীসের ব্যাখ্যা:

১. প্রথম হইতে শেষ নবী পর্যন্ত অনেক বিধি-বিধান ও আচার-আচরণ পরিবর্তন, পরিবর্ধন হইলেও লজ্জার গুরুত্ব অপরিবর্তিত অবস্থায় বহাল রহিয়াছে।

২. পূর্ববর্তী আম্বিয়ায়ে কিরামের কালাম সঠিকভাবে সংরক্ষিত না থাকার কারণে আমরা তাঁদের ওয়ায নসীহত ও শিক্ষামূলক কথা জানতে পারিনি। তাঁরাও মানুষের আখলাক ও আমল সুন্দর ও সংশোধন করার জন্য বহু অমূল্য উপদেশ দান করেছেন। আলোচ্য হাদীসে নবী করীম ﷺ তাঁদের একটি উপদেশ সত্যায়িত করেছেন। এ হাদীস থেকে আমরা জানতে পারি যে, পূর্ববর্তী নবীগণও তাঁদের উম্মতকে হায়া অবলম্বন করার উপদেশ দিয়েছেন। কিন্তু আফসোস, তাঁদের দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাঁদের অনুসারিগণ ঈমানের নূর হারানোর সাথে সাথে হায়ার দৌলতও হারিয়ে ফেলেছে।

'যদি তোমার হায়া না থাকে তাহলে যা ইচ্ছা তা কর' কথার অর্থ হল, যে ব্যক্তির অন্তরে হায়ার আলো নেই সে যে কোন মন্দ আমল করতে পারে। বস্তুত হায়াশূন্য ব্যক্তি যে কোন গর্হিত কাজ করলেও আশ্চর্যান্বিত হওয়ার কোন কারণ নেই। যার হায়া নেই তার ঈমান নেই এবং যার ঈমান নেই তার উপর আল্লাহ তা'আলা শয়তানকে লেলিয়ে দেন এবং শয়তান যার দোস্ত সে দুনিয়ার এমন কোন অকর্ম ও কুকর্ম নেই, যা করতে পারে না।
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান