মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৯৯০
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৫. তৃতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৯০। হযরত আব্দুর রহমান ইবনে আবু কোরাদ (রাঃ) হইতে বর্ণিত আছে, একদিন নবী করীম (ﷺ) অযূ করিলেন, তখন তাঁহার সাহাবীগণ অর পানি তাহাদের গায়ে মাখিতে লাগিলেন। তখন নবী (ﷺ) তাহাদিগকে জিজ্ঞাসা করিলেনঃ কিসে তোমাদিগকে ইহা করিতে উদ্বুদ্ধ করিতেছে ? তাহারা বলিলেন, আল্লাহ্ ও তাঁহার রাসূলের ভালবাসা। তখন নবী (ﷺ) বলিলেনঃ যাহার আন্তরিক বাসনা যে, সে আল্লাহ্ ও তাঁহার রাসূলকে ভালবাসিবে অথবা আল্লাহ্ ও তাঁহার রাসূল যেন তাহাকে ভালবাসেন— সে যখন কথা বলে যেন সত্য কথাই বলে। যখন তাহার কাছে আমানত রাখা হয় সে যেন উক্ত আমানত আদায় করে। এবং প্রতিবেশীর সাথে যেন প্রতিবেশী সুলভ উত্তম আচরণ করে। – বায়হাকী
كتاب الآداب
الْفَصْل الثَّالِث
عَنْ

عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي قُرَادٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَوَضَّأَ يَوْمًا فَجَعَلَ أَصْحَابُهُ يَتَمَسَّحُونَ بِوَضُوئِهِ فَقَالَ لَهُمُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا يَحْمِلُكُمْ عَلَى هَذَا؟» قَالُوا: حَبُّ اللَّهِ وَرَسُولِهِ. فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَرَّهُ أَنْ يحب الله وَرَسُوله أويحبه اللَّهُ وَرَسُولُهُ فَلْيُصَدِّقْ حَدِيثَهُ إِذَا حَدَّثَ وَلْيُؤَدِّ أَمَانَتَهُ إِذَا أُؤْتُمِنَ وَلِيُحْسِنَ جِوَارَ مَنْ جَاوَرَهُ»

হাদীসের ব্যাখ্যা:

নবী করীম ﷺ-এর সাহাবিগণ রাসূলের প্রতি তাঁদের ভালবাসার আধিক্যের কারণে তাঁর উযূর ব্যবহৃত পানি নিজেদের শরীরে মাসেহ করেছিলেন। নবী করীম ﷺ তাদের এহেন আমলের কারণ জানতে চাইলেন এবং তাদের জবাব শোনার পর তিনি আল্লাহ ও তাঁর রাসূলকে সঠিকভাবে ভালবাসার তরীকা বলে দিলেন। যে সত্য কথা বলে, আমানতকারীকে আমানত ফিরিয়ে দেয় এবং প্রতিবেশীর সাথে উত্তম ব্যবহার করে, সে প্রকৃতপক্ষে আল্লাহ ও তাঁর রাসূলের প্রেমিক এবং এ ধরনের ব্যক্তিকে আল্লাহ ও তাঁর রাসূল ভালবাসেন। যদি কোন ব্যক্তি শুধু এ তিনটি জিনিসের উপর আমল করে এবং ইসলামের অন্যান্য হুকুম-আহকাম পালন না করে, তাহলে সে আল্লাহ ও তাঁর রাসূলের ভালবাসার দাবি করতে পারে না। আল্লাহ ও তাঁর রাসূলের ভালবাসার দাবি হল জীবনের তামাম ক্ষেত্রে আল্লাহর কিতাব ও রাসূলের সুন্নাহর আনুগত্য করা। যে বিশ্বাসী বান্দা নেক কাজ করে, মন্দ কাজ পরিহার করে এবং হাদীসে বর্ণিত তিনটি জিনিসের উপর আমল করে, সে প্রকৃতপক্ষে আল্লাহ ও তাঁর রাসূলকে ভালবাসে। আল্লাহ আমাদেরকে ইশকে রাসূল এবং ইশকে ইলাহীর তাওফিক দিন। আমীন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান