মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৬- আদাব - শিষ্টাচার অধ্যায়

হাদীস নং: ৪৯৮৫
- আদাব - শিষ্টাচার অধ্যায়
১৫. দ্বিতীয় অনুচ্ছেদ - সৃষ্টির প্রতি দয়া ও অনুগ্রহ
৪৯৮৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ তোমাদের প্রত্যেকেই আপন (মুসলমান) ভাইয়ের জন্য আয়নাস্বরূপ। সুতরাং যখন তাহার মধ্যে খারাপ কিছু দেখে তখন যেন সে উহা দূর করিয়া দেয়। —তিরমিযী। এবং তিনি ইহাকে যয়ীফ বলিয়াছেন। তিরমিযী ও আবু দাউদের অপর এক বর্ণনায় আছে, এক মু'মিন আরেক মু'মিনের আয়না। আর একজন ঈমানদার আরেকজন ঈমানদারের ভাই, যে তাহাকে ধংসাত্মক বিষয় হইতে রক্ষা করে এবং তাহার অনুপস্থিতিতে তাহার স্বার্থ রক্ষা করে।
كتاب الآداب
وَعَنْ أَبِي

هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَحَدَكُمْ مِرْآةُ أَخِيهِ فَإِنْ رَأَى بِهِ أَذًى فَلْيُمِطْ عَنْهُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَضَعَّفَهُ. وَفِي رِوَايَةٍ لَهُ وَلِأَبِي دَاوُدَ: «الْمُؤْمِنُ مِرْآةُ الْمُؤْمِنِ وَالْمُؤْمِنُ أَخُو الْمُؤْمِنِ يَكُفُّ عَنْهُ ضَيْعَتَهُ وَيَحُوطُهُ مِنْ وَرَائِهِ»

হাদীসের ব্যাখ্যা:

আয়নার কাজ এই যে, এটা দর্শককে তার চেহারার প্রতিটি দাগ ও কলঙ্ক এবং প্রত্যেকটি দৃষ্টিকটু চিহ্ন দেখিয়ে দেয় এবং কেবল তাকেই দেখায়, অন্যদেরকে নয়। এক মু'মিন অন্য মু'মিনের আয়না হওয়ার মর্মও এটাই যে, সে অন্য ভাইয়ের মধ্যে যে অসমীচীন ও সংশোধনযোগ্য বিষয় দেখবে, সে আন্তরিকতা ও কল্যাণকামিতার সাথে তাকে এটা অবহিত করে দিবে এবং অন্যদের মাঝে এটা প্রচার করবে না।

সামনে বলা হয়েছে যে, প্রতিটি মুসলমান অন্য মুসলমানের ভাই। এ ভ্রাতৃত্ব সম্পর্কের কারণে তার উপর এ দায়িত্ব বর্তায় যে, যদি তার উপর কোন বিপদ ও বিপর্যয় আসতে দেখে, তাহলে সে নিজ শক্তি অনুযায়ী এটাকে প্রতিহত করবে এবং এর আক্রমণ থেকে বাঁচাবার চেষ্টা করবে। আর যেভাবে নিজের কোন প্রিয় জিনিসের চতুর্দিক থেকে রক্ষণাবেক্ষণ ও হেফাযত করা হয়, ঠিক তেমনিভাবে নিজের ঈমানী ও দ্বীনি ভাইয়ের প্রতি লক্ষ্য রাখবে এবং তার পাহারাদারী করবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান