মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২২- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
হাদীস নং: ৪১৬২
- খাদ্যদ্রব্য-পানাহার সংক্রান্ত অধ্যায়
প্রথম অনুচ্ছেদ
৪১৬২। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন তোমাদের কেহ যখন কিছু খায়, তখন সে যেন ডান হাতে খায়। আর যখন পান করে তখন যেন ডান হাতে পান করে। —মুসলিম
كتاب الأطعمة
وَعَنِ ابْنِ عُمَرَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا أَكَلَ أَحَدُكُمْ فَلْيَأْكُلْ بِيَمِينِهِ وَإِذَا شَرِبَ فَلْيَشْرَبْ بِيَمِينِهِ» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
মানুষ নিজের হাতকে পাক-নাপাক প্রতিটি কাজ ও বিষয়ে ব্যবহার করে। এ জন্য তার স্বভাবগত পবিত্রপ্রিয়তার দাবী এটাই যে, নাপাক ও ময়লা পরিষ্কারের মত কাজের জন্য একটি হাত নির্দিষ্ট করে নেওয়া হবে, আর অন্যান্য কাজে অন্য হাত ব্যবহার করা হবে। এই প্রকৃতিগত চাহিদা অনুযায়ী নাপাকী দূর করা ইত্যাদি কাজের জন্য বাম হাতকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। আর বাকী পানাহার ও অন্যান্য ভালো ও পবিত্র কাজের বেলায় নির্দেশ দেওয়া হয়েছে যে, এগুলো ডান হাতে সম্পাদন করা হবে। সৃষ্টিগত ও প্রকৃতিগতভাবে বাম হাতের তুলনায় ডান হাতের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব এক প্রকাশ্য সত্য। অতএব, এ নির্দেশ ও বণ্টন সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মেরও অনুকূল। এই ভিত্তিতে বাম হাতে পানাহার করা এমন উল্টো কাজ, যেমন কোন মানুষ হাতের পরিবর্তে পা দিয়ে লেখে। এজন্যই সামনের হাদীসে বলা হয়েছে যে, বাম হাতে খাওয়া শয়তানের তরীকা ও তার কাজ। কেননা, শয়তানের স্বভাবই এই যে, সে প্রতিটি কাজ উল্টো করে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)