মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১৯- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়

হাদীস নং: ৩৭৫৩
- রাষ্ট্রনীতি ও আদালত-বিচার অধ্যায়
৩. দ্বিতীয় অনুচ্ছেদ - বিচারকদের (সহকর্মীদের) বেতন ও হাদিয়া গ্রহণ করা
৩৭৫৩। হযরত আব্দুল্লাহ্ ইবনে আমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) উৎকোচ প্রদানকারী ও উৎকোচ গ্রহণকারী উভয়ের উপর লা'নত (অভিসম্পাত) করিয়াছেন। –আবু দাউদ ও ইবনে মাজাহ্।
كتاب الإمارة والقضاء
وَعَن عبد الله بن عَمْرو قَالَ: لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم الرَّاشِيَ وَالْمُرْتَشِيَ. رَوَاهُ أَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ

হাদীসের ব্যাখ্যা:

কোন গুনাহগারের জন্য আল্লাহর আযাব আল্লাহ অথবা তাঁর রাসূলের পক্ষ হতে অভিশাপ হচ্ছে তার প্রতি চূড়ান্ত সীমার অসন্তুষ্টি ও বিরাগের ঘোষণা এবং খুবই ভয়ানক শাস্তি। আল্লাহর পক্ষ হতে কারো প্রতি অভিশাপের অর্থ এই যে, দয়াময়, দয়ালু আল্লাহ উক্ত পাপীকে তাঁর ব্যাপক রহমত থেকে বঞ্চিত করার সিদ্ধান্ত দিয়েছেন। আর আল্লাহর রাসূল অথবা তার ফেরেশতার পক্ষ হতে অভিশাপের অর্থ হচ্ছে উক্ত ব্যক্তির প্রতি বিরাগভাজন, তার অভিশাপযোগ্য হওয়ার ঘোষণা এবং তাকে আল্লাহর রহমত হতে বঞ্চিত করার বদদু'আ। এ হিসাবে হাদীসের অর্থ এই দাঁড়ায় যে, রাসূলুল্লাহ ﷺ ঘুষ গ্রহণকারী ও ঘুষ প্রদানকারীর প্রতি চূড়ান্ত সীমার অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তার প্রতি বদদু'আ করেছেন যে, আল্লাহ তাকে তাঁর রহমত থেকে বঞ্চিত করুন। আল্লাহর আশ্রয় চাই। রাহমাতুল্লিল আলামীন শাফীউল মুযনিবীন ﷺ যে হতভাগার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তার জন্য আল্লাহর রহমত হতে বঞ্চিত হওয়ার বদদু'আ করেছেন সেই দুর্ভাগার ঠিকানা কোথায়?

আলোচ্য হাদীসের কোন বর্ণনায় একটি শব্দ الرائش অতিরিক্ত রয়েছে। এর অর্থ এই যে, ঘুষ গ্রহীতা এবং ঘুষদাতা ছাড়াও সেই মধ্যবর্তী (দালাল)-এর প্রতিও রাসুলুল্লাহ ﷺ অভিশাপ করেছেন, যে ঘুষ লেন-দেনের মাধ্যম ও যোগসূত্র।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান