মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২৪৪৫
- যাবতীয় দোয়া-যিক্র
৫. দ্বিতীয় অনুচ্ছেদ - বিভিন্ন সময়ের পঠিতব্য দুআ
২৪৪৫। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, নবী করীম (ﷺ) যখন কোন ব্যক্তিকে অভিনন্দন জানাইতেন, যখন সে বিবাহ করিত—বলিতেন, “আল্লাহ্ তোমাকে বরকত দিক্, তোমাদের উভয়ের প্রতি বরকত নাযিল করুক এবং তোমাদিগকে কল্যাণের সাথে একত্র রাখুক।” – আহমদ, তিরমিযী, আবু দাউদ ও ইবনে মাজাহ্
كتاب الدعوات
وَعَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الْإِنْسَانَ إِذَا تَزَوَّجَ قَالَ: «بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكُمَا وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ» رَوَاهُ أَحْمَدُ وَالتِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ
হাদীসের ব্যাখ্যা:
দুনিয়ার বিভিন্ন জাতি ও গোষ্ঠির মধ্যে বিয়ে শাদী উপলক্ষে মুবারকবাদ প্রদানের বিভিন্ন প্রথা চালু আছে। এ উপলক্ষে রাসুলুল্লাহ ﷺ স্বীয় শিক্ষা ও কার্যপ্রণালী দ্বারা এ পদ্ধতি নির্ধারণ করেছেন যে, উভয়ের জন্য আল্লাহর কাছে কল্যাণের দু'আ করা হবে। যার অর্থ আল্লাহ তা'আলা তোমাদেরকে পরিপূর্ণ কল্যাণ ও উত্তম জিনিস দান করুন ও তাঁর অনুগ্রহের বৃষ্টি বর্ষণ করুন। বিয়ে-শাদী মানুষের দৈহিক উত্তেজনা প্রশমনের অবলম্বন; তবে রাসূলুল্লাহ ﷺ এসব দু'আ শিক্ষা দিয়ে এটাকেও আল্লাহর নৈকট্য লাভের উপায় ও উৎকৃষ্ট কাজে পরিণত করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)