মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
১০- যাবতীয় দোয়া-যিক্র
হাদীস নং: ২২৮৬
- যাবতীয় দোয়া-যিক্র
১. তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ সুবহানাহূ ওয়াতাআলার জিকির ও তাঁর নৈকট্য লাভ
২২৮৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে ওমর (রাঃ) নবী করীম (ﷺ) হইতে বর্ণনা করেন যে, তিনি বলিয়াছেনঃ প্রত্যেক জিনিসেরই একটা মাজন রহিয়াছে, আর অন্তরের মাজন হইল আল্লাহর যিকির। আল্লাহর যিকির অপেক্ষা আল্লাহর আযাব হইতে অধিক ত্রাণদাতা আর কোন জিনিসই নাই। সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, আল্লাহর রাস্তায় জেহাদ করাও কি নহে? তিনি বলিলেন, আল্লাহর রাস্তায় তরবারি মারিলেও নহে এমন কি উহা টুটিয়া যায়। —বায়হাকী দা'ওয়াতুল কবীরে
كتاب الدعوات
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَقُولُ: «لِكُلِّ شَيْءٍ صِقَالَةٌ وَصِقَالَةُ الْقُلُوبِ ذِكْرُ اللَّهِ وَمَا مِنْ شَيْءٍ أَنْجَى مِنْ عَذَابِ اللَّهِ مِنْ ذِكْرِ اللَّهِ» قَالُوا: وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ؟ قَالَ: «وَلَا أَنْ يَضْرِبَ بِسَيْفِهِ حَتَّى يَنْقَطِعَ» . رَوَاهُ الْبَيْهَقِيُّ فِي الدَّعَوَاتِ الْكَبِيرِ
হাদীসের ব্যাখ্যা:
আসল কথা হচ্ছে, সমস্ত নেক আমলের মুকাবিলায় আল্লাহর যিকির সর্বোত্তম এবং আল্লাহর নিকট প্রিয়তম আমল (وَلَذِكْرُ اللّٰهِ أَكْبَرُ)। বান্দা আল্লাহ তা'আলার যে নৈকট্য এবং নৈকট্যজনিত যে সৌভাগ্য ও মর্যাদা যিকিরের সময় হাসিল হয়, তা অন্য কোন আমলের সময় হাসিল হয় না, এর শর্ত হচ্ছে এ যিকির আল্লাহর মাহাত্ম্য, মহব্বত, ভয়, ভক্তি ও আন্তরিক মনোনিবেশ সহকারে হতে হবে। আল্লাহ তা'আলার বাণী : فَاذْكُرُوْنِي أَذْكُرْكُمْ “তোমরা আমাকে স্মরণ কর আমি তোমাদেরকে স্মরণ করবো” এবং হাদীসে কুদসী أَنَا جَلَيْسُ مَنْ ذَكَرَنِيْ অর্থাৎ আমি আমার যিকিরকারী বান্দার সাথেই থাকি এবং وَأَنَا مَعَ عَبْدِيْ إِذَا ذَكَرَنِيْ وَتَحَرَّكَتْ بِيْ شَفَتَاهُ অর্থাৎ “আমার বান্দাহ যখন আমার যিকির করে এবং তার ওষ্ঠদ্বয় যখন আমার যিকিরের সাথে আন্দোলিত হয় তখন আমি তার একান্তই নিকটে তার সাথেই থাকি।” কুরআন-হাদীসের এসব স্পষ্ট উক্তির দ্বারা এটাই সুস্পষ্টরূপে প্রতীয়মান হয় যে, সমস্ত নেক আমলের মধ্যে যিকরুল্লাহই সর্বোত্তম এবং আল্লাহর নিকট প্রিয়তম আমল এবং আল্লাহর নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের একটি একান্ত খাস ওসীলা। তবে এটাও স্মর্তব্য যে, এ যিকিরের মধ্যে নামায ও তিলাওয়াতে কুরআন জাতীয় সমুদয় ইবাদত শামিল রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)