মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

১০- যাবতীয় দোয়া-যিক্‌র

হাদীস নং: ২২৩৯
- যাবতীয় দোয়া-যিক্‌র
দ্বিতীয় অনুচ্ছেদ
২২৩৯। হযরত ইবনে ওমর (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যাহার জন্য দো'আর দরজা খোলা, তাহার জন্য রহমতের দরজাই খোলা হইয়াছে এবং আল্লাহর নিকট কুশল বা নিরাপত্তা অপেক্ষা প্রিয়তর কোন জিনিসই চাওয়া হয় না। —তিরমিযী
كتاب الدعوات
وَعَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ فُتِحَ لَهُ مِنْكُمْ بَابُ الدُّعَاءِ فُتِحَتْ لَهُ أَبْوَابُ الرَّحْمَةِ وَمَا سُئِلَ اللَّهُ شَيْئًا يَعْنِي أَحَبَّ إِلَيْهِ مِنْ أَنْ يُسْأَلَ الْعَافِيَةَ» . رَوَاهُ التِّرْمِذِيّ

হাদীসের ব্যাখ্যা:

১. ‘দো'আর দরজা খোলা হইয়াছে'—অর্থাৎ, দো'আর তওফীক দেওয়া হইয়াছে।

২. আফিয়তের মর্ম হচ্ছে এই যে, তাবৎ ইহলৌকিক পারলৌকিক যাহেরী বাতেনী আপদ-বিপদ ও বালা-মুসীবত থেকে বান্দা নিরাপদ ও হিফাযতে থাকবে। তাই যে ব্যক্তি আল্লার কাছে আফিয়াত প্রার্থনা করে, সে যেন প্রকাশ্যে স্বীকারোক্তি করে যে, আল্লাহর ফযল ও করম, তাঁর সদয় দৃষ্টি এবং হিফাযত ছাড়া সে জীবিত ও সুস্থ পর্যন্ত থাকতে পারে না। ছোটবড় কোন বিপদ থেকেও সে নিজে আত্মরক্ষা করতে অপারগ। তাই এরূপ দু'আই নিজের পূর্ণ দীনতা-হীনতা ও মুখাপেক্ষিতার পরাকাষ্ঠা প্রদর্শন এবং একটিই আবদিয়তের কামালিয়ত। এজন্যেই বান্দার আফিয়তের দু'আ আল্লাহর নিকট সকল দু'আর চাইতে প্রিয়তম।

দ্বিতীয় যে কথাটি এ হাদীসে বলা হয়েছে, তা হলো, যার জন্যে দু'আর দরজা খুলে গেছে অর্থাৎ দু'আর হাকীকত যে পেয়ে গেছে, অর্থাৎ যার কাছে দু'আর রহস্য উম্মোচিত হয়ে গেছে, আল্লাহর কাছে যাচ্ঞা করার কৌশল যার রপ্ত হয়ে গেছে, তার জন্যে রহমতে ইলাহীর দ্বার উন্মুক্ত হয়ে গেছে। দু'আ আসলে সে সমস্ত দু'আ বোধক শব্দের নাম নয়, যা রসনার দ্বারা উচ্চারিত হয়ে থাকে, এ শব্দগুলিকে তো বেশি থেকে বেশি দু'আর বহিরাবরণ বলা চলে। দু'আর হাকীকত হচ্ছে মানুষের কলব ও রূহের তলব ও তড়পানি, তার হৃদয়-মনের আকুলি, বিকুলি ও আকৃতি। হাদীসে পাকে এ বিশেষ অবস্থা সৃষ্টিকেই দু'আর দরজা খোলা বলে অভিহিত করা হয়েছে। বান্দা যখন তা পেয়ে যায় তখন রহমতের দরজা তার জন্যে খুলেই যায়। আল্লাহ তা'আলা তা সকলকে নসীব করুন।
২. ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান